শহীদ জিয়ার আদর্শ ধারণ ও চর্চার আহ্বান মন্ত্রী স্বপনের
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর জীবন ও রাজনৈতিক দর্শন গভীরভাবে অধ্যয়ন এবং চর্চার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
৩১ মে, শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে পড়াশোনা এবং গবেষণার বিকল্প নেই।”
উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ পান্নাসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে এবং জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে।
তিনি দলের নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, “এমন কাজ করতে হবে যাতে জনগণ বলতে পারে— বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি, সঠিক সিদ্ধান্ত নিয়েছি।”
দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না এবং জনগণের দুর্ভোগ হয়— এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে হবে। দেশকে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কাঙালি ভোজের খিচুড়ি বিতরণ করা হয়।
/ডিবিটেক/জেডইউ/ইকে/



