ফেসবুক আইডি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুটিলা এলাকায় ফেসবুক আইডি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হ, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল (৩৫) স্থানীয় বাসিন্দা। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই জাফরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি ফেসবুক আইডি ব্লক করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে আঘাত করেন।
ছুরিকাঘাতে জয়নাল বুকের পাশে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাফরকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত একটি ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই জয়নাল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
/ডিবিটেক/এসআই/ইকে/



