রূপপুরে যুক্ত হলো ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’
পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ অত্যাধুনিক ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) সফলভাবে স্থাপন করা হয়েছে। রাশিয়া প্রথমবারের মতো নিজস্ব ভৌগোলিক সীমানার বাইরে অন্য কোনো দেশে এই উন্নত ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়ন করল।
বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১–এর কমিশনিং বা পরীক্ষামূলক চালুর কাজ চলছে। এই ইউনিটের ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম–এর অঙ্গপ্রতিষ্ঠান রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস সফলভাবে ওআইএসএস যুক্ত করেছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান ২৬ মে, মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই উন্নত ডিজিটাল সহায়তা ব্যবস্থা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
রোসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইএসএস মূলত প্ল্যান্ট অপারেটরদের জন্য একটি ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করবে। এটি বিদ্যুৎকেন্দ্রের হাজার হাজার অপারেশনাল প্যারামিটার রিয়েল-টাইমে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। সিস্টেমটি তথ্যের ভিজ্যুয়ালাইজেশন উন্নত করবে এবং জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে অপারেটরদের সহায়তা করবে। ফলে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা আরও বাড়বে।
এই প্রসঙ্গে RASU-এর সিইও আন্দ্রেই বুটকো বলেন, ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেমটি কর্মীদেরকে রিয়েল টাইমে পাওয়ার ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। তথ্য প্রক্রিয়াকরণকে অপ্টিমাইজ করে এবং অপারেটরের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার মাধ্যমে, এই সিস্টেমটি পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।’
তিনি আরও বলেন, রূপপুরে এই প্রযুক্তির সফল বাস্তবায়ন বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি প্রকল্পে উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে রোসাটমের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের জন্য রূপপুর একটি যুগান্তকারী প্রকল্প। আধুনিক রিয়্যাক্টর প্রযুক্তির পাশাপাশি ওআইএসএসের মতো উন্নত ডিজিটাল সমাধান প্ল্যান্ট পরিচালনায় শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলবে এবং কর্মীদের কার্যকারিতা বাড়াবে।
তিনি জানান, এই সিস্টেম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটরদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক সরঞ্জাম হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তার কারণে এই ডিজিটাল সিস্টেম শুধুমাত্র অনুমোদিত কর্মীদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকবে।
ওআইএসএস প্রযুক্তিটি প্রথমে রাশিয়ার নোভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। পরে এটি কুর্স্ক এনপিপি-২–এ চালু করা হয়। রাশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই প্রযুক্তি ব্যবহারের গৌরব অর্জন করল।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার নকশাকৃত দুটি VVER-1200 রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
তৃতীয় প্রজন্মের প্লাস প্রযুক্তির এই রিয়্যাক্টর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আধুনিক নিরাপত্তা মানদণ্ড পূরণ করে। প্রযুক্তিটি ইতোমধ্যে রাশিয়া ও বেলারুশে সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া রোসাটম বর্তমানে মিশর, হাঙ্গেরি, তুরস্ক, চীন ও কাজাখস্তানেও একই ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।
/ডিবিটেক/এসআই/ ইকে/



