ঈদে ওটিটি ও ইউটিউবে বিনোদনের ঝড়

ঈদে ওটিটি ও  ইউটিউবে বিনোদনের ঝড়
২৬ মে, ২০২৬ ১১:৪১  

ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন সিনেমা, ওয়েব ফিল্ম, সিরিজ ও গানের বড় আয়োজন। প্রেম, রহস্য, থ্রিলার, অ্যাকশন ও লোকসংগীতের ফিউশন- সব ধরনের দর্শকের জন্যই থাকছে বৈচিত্র্যময় কনটেন্ট। ঈদ বিনোদনে সরব হয়েছে ইউটিউব চ্যানেলগুলো। 

ঈদ উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ২৪ মে, রবিবার জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের মাধ্যমে উন্মোচন করা হয় বঙ্গ–এর অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। ‘তাজমহল’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, এটি শুধু একটি গল্প নয়, বরং ত্যাগ ও আত্মীয়তার আবেগঘন উপস্থাপন।

দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফেরা ওয়াহিদ আনাম বলেন, তারা ভালোবাসার এমন একটি গল্প নির্মাণ করেছেন, যা ভৌগোলিক ও সামাজিক সীমা অতিক্রম করে।

বাংলাদেশের ওটিটিতে প্রথম কাজ প্রসঙ্গে অভিনেত্রী শ্রীজা দত্ত বলেন, ‘তাজমহল’-এ দুই বাংলার দুই মানুষের আবেগঘন সম্পর্ক উঠে এসেছে। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন ফাইজুল ইয়ামিন ও শ্রীজা দত্ত।

তবে অনেক আলোচনায় থেকে  ‘নাকফুলের কাব্য’ নামের যে সিনেমার মুক্তির ঘোষণা এসেছিল সেটির মুক্তি পিছিয়ে গেছে। অবশ্য মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ও প্রযোজনায় 'সিনেমাওয়ালা' ইউটিউব চ্যানেলটি ঈদুল আজহা উপলক্ষে দারুণ কিছু একক নাটক ও একটি বিশেষ সিরিজ নিয়ে হাজির হচ্ছে। এবারের প্রধান চমকগুলোর মধ্যে রয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক 'দেনা পাওনা'-এর ৭ পর্বের বিশেষ কোরবানি স্পেশাল সিরিজ। 

ঈদে আলোচনায় যেসব ওটিটি কনটেন্ট

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস এখন দেখা যাচ্ছে হইচই–তে। তানিম নূর পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদ–এর উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর।

প্রেক্ষাগৃহে প্রশংসিত দম এখন দেখা যাচ্ছে চরকি–তে। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী।

ঈদের ছুটিতে শাকিব খান অভিনীত প্রিন্স দেখা যাবে উৎসব–এ। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

রোমান্টিক অ্যাকশন থ্রিলার রাক্ষস–এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি।

সারার সংসার মুক্তি পেয়েছে আইস্ক্রিন–এ। আকা রেজা গালিব পরিচালিত এই কাজটি নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেন–এর উপন্যাস অবলম্বনে।

ঈদের চতুর্থ দিন থেকে বঙ্গতে মুক্তি পাবে মুখোশ মুখো। এতে অভিনয় করেছেন খাইরুল বাশার, তর্ষা, নাসির উদ্দিন খান ও নাদিয়া হক। আর যথারীতি টিভিতে সম্প্রচারিত ঈদের সব আয়োজনই মুঠোফোনে দেখা যাবে আয়না ওটিটি-তে।

ঈদের গানে থাকছে ফিউশন ও রোমান্স

দুই দশকের বেশি সময় পর আবার একসঙ্গে গান করছেন হাবিব ওয়াহিদ ও কায়া। ‘কই রইলা রে’ শিরোনামের গানটি ২৭ মে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এতে কণ্ঠ দিয়েছেন মুজা।

বালাম ঈদুল আজহায় প্রকাশ করছেন ‘মাওলা’ গানের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন রাশেদ নিউটন ও বালাম।

ইমরান মাহমুদুল প্রকাশ করছেন ‘মন বুঝলো না’। অন্যদিকে অবন্তী সিথি ও অমিত দে গাইছেন ‘প্রেম’।

আসিফ আকবর ও রুবাইয়াত জাহান–কে নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করছে ‘রূপসী শ্রীমঙ্গল’ মিউজিক্যাল ফিল্ম।

তিন বছর পর ফুয়াদ আল মুক্তাদির ও নুসরাত ফিরছেন ‘লোকে বলে’ গান নিয়ে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাবা যাদব। গানটি ২৬ মে মুক্তি পাবে এসভিএফ মিউজিক ব্লিং মিউজিক চ্যানেলে।

এ ছাড়া ওয়াইশি প্রকাশ করছেন ‘নোয়াখাইল্লা মাইয়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্ল্যাক জ্যাং। অন্যদিকে রেজা করিম–এর ‘মনে যদি ঝড়’ এবং জিসান খান শুভ–র ‘মন বুঝি না’ মুক্তি পাবে গানচিল মিউজিক থেকে।

 /ডিবিটেক/ এনএ/ ইকে/