বিশ্বকাপ দর্শকদের জন্য আনলিমিটেড ডেটাসহ ই-সিম
আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে উত্তর আমেরিকায় আগত ফুটবলপ্রেমী ও পর্যটকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলো মার্কিন টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে ‘ই-সিম বাই এটিঅ্যান্ডটি’ নামে বিশেষ একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার এই তিন দেশে ফুটবল বিশ্বকাপের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এটিঅ্যান্ডটি জানিয়েছে, বিদেশ থেকে আসা দর্শকেরা যাতে কোনো ধরনের রোমিং জটিলতা ছাড়াই খেলা উপভোগ করতে পারেন এবং মুহূর্তের মধ্যেই সব অভিজ্ঞতা দেশে থাকা পরিবার-পরিজনের সাথে শেয়ার করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ ই-সিম সেবা আনা হয়েছে।
চার মেয়াদে মিলবে আনলিমিটেড ডেটা
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এটিঅ্যান্ডটি এই ই-সিম সেবাকে মূলত চার ধরনের ‘পাস’ বা প্যাকেজে ভাগ করেছে। সবগুলো প্যাকেজের দামেই ট্যাক্স ও অন্যান্য ফি অন্তর্ভুক্ত করা হয়েছে:
১ দিনের পাস: মূল্য ৩.৯৯ ডলার (কেবল যুক্তরাষ্ট্রের জন্য)।
৭ দিনের পাস: কেবল যুক্তরাষ্ট্রের জন্য ১৫.৯৯ ডলার এবং তিন দেশের (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) জন্য ২৪.৯৯ ডলার।
১৫ দিনের পাস: কেবল যুক্তরাষ্ট্রের জন্য ২৫.৯৯ ডলার এবং তিন দেশের জন্য ৩৯.৯৯ ডলার।
৩০ দিনের পাস: কেবল যুক্তরাষ্ট্রের জন্য ৪০.৯৯ ডলার এবং তিন দেশের জন্য ৫৯.৯৯ ডলার।
এই প্যাকেজগুলোর আওতায় গ্রাহকেরা স্মার্টফোনে সম্পূর্ণ আনলিমিটেড বা সীমাহীন ডেটা ব্যবহারের পাশাপাশি ৫ জিবি পর্যন্ত হটস্পট শেয়ারিংয়ের সুবিধা পাবেন। এছাড়া খুব শিগগিরই এর সাথে আনলিমিটেড টকটাইম ও টেক্সট সুবিধাও যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যেভাবে ব্যবহার করবেন এই ই-সিম
এই সেবাটি নেওয়ার জন্য প্রথম শর্ত হলো ব্যবহারকারীর স্মার্টফোনটি অবশ্যই ‘আনলকড’ হতে হবে এবং তাতে ই-সিম সমর্থন করতে হবে।
বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের উত্তর আমেরিকায় পৌঁছানোর আগেই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এটিঅ্যান্ডটি-র ‘কানেক্ট অন ডিমান্ড’ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশে পা রাখামাত্রই অ্যাপের মাধ্যমে পছন্দের ই-সিম প্যাকেজটি কিনে তা মুহূর্তেই সক্রিয় করে নেওয়া যাবে।
এটিঅ্যান্ডটি-র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার জেনিফার রবার্টসন বলেন, “ভ্রমণকারীরা সবসময় চান গন্তব্যে পৌঁছানোর পর থেকেই যেন তাদের ইন্টারনেট সংযোগ সহজ, নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য হয়। এই ই-সিমের মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণকারীদের আমরা একটি সহজ ও নমনীয় যোগাযোগব্যবস্থা উপহার দিচ্ছি, যাতে তারা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ও প্রতিটি মুহূর্তের আনন্দ চমৎকারভাবে উপভোগ করতে পারেন।”
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



