হোটেল বুকিং ও গ্রোসারি ডেলিভারিতে নামল এয়ারবিএনবি
ঘর বা ফ্ল্যাট ভাড়ার জনপ্রিয় বৈশ্বিক প্ল্যাটফর্ম এয়ারবিএনবি এবার তাদের চেনা গণ্ডি ছাড়িয়ে বড় ধরনের ব্যবসায়িক বিস্তৃতির ঘোষণা দিয়েছে। চলতি বছরের গ্রীষ্মকাল থেকে বিশ্বজুড়ে পর্যটকদের জন্য হোটেল বুকিং এবং এমনকি ঘরে বসে নিত্যপ্রয়োজনীয় পণ্য বা মুদিসামগ্রী (গ্রোসারি) ডেলিভারির মতো একগুচ্ছ নতুন ও আকর্ষণীয় সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিগত এক দশক ধরেই এয়ারবিএনবি কেবল ঘর ভাড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের সেবার পরিধি বাড়াচ্ছিল। তবে এবারের নতুন আপডেট মূলত ভ্রমণকারীদের সমস্ত চাহিদাকে একটি মাত্র অ্যাপের ভেতরে নিয়ে আসার লক্ষ্যেই সাজানো হয়েছে।
বুকিং ডটকম ও অ্যাগোডাকে টেক্কা দিতে বিশেষ অফার
প্রাথমিক পর্যায়ে এয়ারবিএনবি বিশ্বের বড় বড় পর্যটন শহর—যেমন নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, মাদ্রিদ, রোম এবং সিঙ্গাপুরের হাজার হাজার বুটিক ও ব্যক্তিগত হোটেলগুলোকে তাদের তালিকায় যুক্ত করছে। এয়ারবিএনবি জানিয়েছে, তারা মূলত এমন সব হোটেলকে বেছে নিচ্ছে যেগুলোর পরিবেশ সাধারণ হোটেলের চেয়ে একটু ভিন্ন ও ঘরোয়া।
প্রতিদ্বন্দ্বী বুকিং ডটকম বা অ্যাগোডার মতো জনপ্রিয় সাইটগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে এয়ারবিএনবি গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, অন্য কোথাও একই হোটেল কম দামে পাওয়া গেলে এয়ারবিএনবি সেই দামের সাথে সমতা রক্ষা করবে। এছাড়া নির্দিষ্ট হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকেরা ১৫ শতাংশ পর্যন্ত ‘ক্রেডিট’ বা ক্যাশব্যাক পাবেন, যা পরবর্তীতে অন্য কোনো বুকিংয়ে ব্যবহার করা যাবে।
পৌঁছানোর আগেই ফ্রিজে থাকবে খাবার!
হোটেলে থাকার পাশাপাশি এয়ারবিএনবি এখন অ্যাপের ভেতরেই গ্রোসারি বা মুদি পণ্য ডেলিভারির সুবিধা নিয়ে আসছে। ভ্রমণের যেকোনো সময় এই সেবা নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট কিছু শহরে পর্যটকেরা পৌঁছানোর আগেই তাদের পছন্দের খাবার বা প্রয়োজনীয় পণ্য অর্ডার করে রাখতে পারবেন। হোস্ট বা বাড়ির মালিক সেই পণ্যগুলো আসার আগেই ঘরে সাজিয়ে রাখবেন।
এয়ারবিএনবি-র অতিথিদের জন্য এই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া ৫০ ডলার বা তার বেশি মূল্যের অর্ডারে থাকবে ১০ ডলারের সরাসরি মূল্যছাড়। বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে বিখ্যাত ডেলিভারি অ্যাপ ‘ইনস্টাকার্ট’-এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই সেবা চালু করা হচ্ছে। বিদেশের মাটিতে গিয়ে স্থানীয় অ্যাপ ব্যবহারের ঝামেলা এড়াতে এই ফিচারটি পর্যটকদের দারুণ উপকারে আসবে।
গাড়ি ভাড়া, লাগেজ রাখা ও বিমানবন্দর পিকআপ
গ্রাহকদের যাতায়াত আরও সহজ করতে ‘ওয়েলকাম পিকআপস’-এর সাথে চুক্তি করেছে এয়ারবিএনবি। বিশ্বজুড়ে ১৬০টি শহরে এই সেবার চালকেরা গ্রাহকদের ফ্লাইটের সময় ট্র্যাক করে বিমানবন্দরে উপস্থিত থাকবেন। এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে এটি বুক করলে গ্রাহকেরা ২০ শতাংশ ছাড় পাবেন।
লাগেজ বা ব্যাগ রাখার সমস্যা সমাধানে ‘বাউন্স’ নামক কোম্পানির সাথে যুক্ত হয়েছে তারা। ঘর বা হোটেল রুম প্রস্তুত হওয়ার আগে ব্যবহারকারীরা অ্যাপেই দেখে নিতে পারবেন সবচেয়ে কাছের লাগেজ ড্রপ-অফ লোকেশনটি ঠিক কত দূরে অবস্থিত। এছাড়া এই গ্রীষ্মে সরাসরি অ্যাপ থেকে গাড়ি ভাড়ার সুবিধাও যুক্ত হচ্ছে।
তাজমহল ভ্রমণ ও ফিফা বিশ্বকাপ অভিজ্ঞতা
ভ্রমণকারীদের বিনোদনের মাত্রা বাড়াতে এয়ারবিএনবি তাদের ‘এক্সপেরিয়েন্স লিস্ট’-এ হাজার হাজার নতুন অপশন যুক্ত করছে। এর মধ্যে ভারতের তাজমহল বা জাপানের টোকিও স্কাইট্রির মতো বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর বিশেষ ট্যুর প্যাকেজ থাকবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য সংস্কৃতি নিয়ে বিশেষ আয়োজন এবং আসন্ন ফিফা বিশ্বকাপের আয়োজক ছয়টি শহরে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সাথে বিশেষ ফুটবল পার্টির মতো রোমাঞ্চকর অভিজ্ঞতাও মিলবে এয়ারবিএনবি-র মাধ্যমে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



