ভূমিসেবা মেলা ২০২৬ শুরু ১৯ মে

ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও স্বচ্ছতায় জোর

ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও স্বচ্ছতায় জোর
১৮ মে, ২০২৬ ১৭:১০  

আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে একযোগে “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হবে। ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে জাতীয় পর্যায়ের আয়োজন করা হবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

সে লক্ষ্যেই ভূমি ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

ভূমিসেবা মেলা উপলক্ষে ১৮ মে, সোমবার সচিবালয়ের সভাকক্ষে  অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ডিজিটাল ভূমিসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এবার সারাদেশে “ভূমিসেবা মেলা ২০২৬” আয়োজন করা হচ্ছে।

ভূমিমন্ত্রী  আরও বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেবেন, আমরা সংশোধন হব।”

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের সেবাগুলোকে দুর্নীতিমুক্ত ও হয়রানিবিহীন করতে অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে এখনো অনেক মানুষ অনলাইনভিত্তিক ভূমিসেবা সম্পর্কে সচেতন নন। এ কারণে সারা দেশে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে। এসব সেবা সম্পর্কে জনগণকে জানানোই মেলার অন্যতম লক্ষ্য।”

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯ মে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।

মেলায় ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সেবাকেন্দ্র ছাড়াও জেলা প্রশাসন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি), ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে। নাগরিকরা সরাসরি ভূমিসেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড সেবার ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন।

মেলায় কুইজ প্রতিযোগিতা, সেমিনার, “ভূমি আড্ডা”, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক আয়োজন থাকবে। “ভূমি আমার ঠিকানা” শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকারও বিতরণ করা হবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, টেলিভিশন, বেতার, সামাজিক যোগাযোগমাধ্যম, মেট্রোরেল, মাইকিং ও ভ্রাম্যমাণ সেবাভ্যানের মাধ্যমে মেলা ও ডিজিটাল ভূমিসেবা বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

ডিবিটেক/আইএস/ইকে