চ্যাটজিপিটিতে ব্যক্তিগত আর্থিক হিসাব-নিকাশ সুবিধা চালু

চ্যাটজিপিটিতে ব্যক্তিগত আর্থিক হিসাব-নিকাশ সুবিধা চালু
১৭ মে, ২০২৬ ১৪:০০  

গ্রাহকদের আর্থিক হিসাব-নিকাশ আরও সহজ ও নিখুঁত করতে সম্পূর্ণ নতুন এক ফিচার নিয়ে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই। গত শুক্রবার প্রতিষ্ঠানটি তাদের চ্যাটজিপিটি প্রো গ্রাহকদের জন্য ব্যক্তিগত অর্থায়ন বা ‘পার্সোনাল ফাইন্যান্স’ টুলের ট্রায়াল সংস্করণ উন্মোচন করেছে। 

নতুন এই সুবিধার আওতায় ব্যবহারকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য আর্থিক হিসাব সরাসরি চ্যাটজিপিটির সাথে যুক্ত করতে পারবেন। এর ফলে গ্রাহকেরা তাদের দৈনন্দিন খরচের বিশ্লেষণ থেকে শুরু করে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার মতো নানা বিষয়ে চ্যাটবটটিকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। গত মাসে ব্যক্তিগত অর্থায়নবিষয়ক স্টার্টআপ ‘হিরো’-র প্রকৌশলী দলকে অধিগ্রহণ করার পর ওপেনএআই এই বড় পদক্ষেপ নিল।

এই সেবাকে নিরাপদ ও কার্যকর করতে ওপেনএআই জনপ্রিয় আর্থিক সংযোগ প্ল্যাটফর্ম ‘প্লেড’ এর সাথে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা চেজ, ফাইডেলিটি, চার্লস সোয়াব, রবিনহুড এবং আমেরিকান এক্সপ্রেসের মতো প্রায় ১২ হাজার আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সাথে যুক্ত করতে পারবেন। 

অ্যাকাউন্ট যুক্ত করার পর চ্যাটজিপিটির সাইডবারে একটি বিশেষ ড্যাশবোর্ড দেখা যাবে, যেখানে ব্যবহারকারীর মোট বিনিয়োগের অবস্থা, মাসিক খরচ, বিভিন্ন সাবস্ক্রিপশন এবং আগামীতে কোন কোন বিল পরিশোধ করতে হবে, তার একটি পূর্ণাঙ্গ চিত্র থাকবে। এ ছাড়া খুব শিগগিরই ট্যাক্স বা কর সংক্রান্ত জটিল হিসাবের জন্য এতে ‘ইন্টুইট’-এর সমর্থন যুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি মাসে বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ চ্যাটজিপিটিকে আর্থিক বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। নতুন এই ফিচারটিকে আরও নির্ভুল করতে প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ ‘জিপিটি-৫.৫’ (GPT-5.5) মডেল ব্যবহার করেছে, যা জটিল গাণিতিক ও আর্থিক পরিস্থিতি বিশ্লেষণে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। 

এখন থেকে ব্যবহারকারীরা চ্যাটজিপিটিকে “আমার সাম্প্রতিক খরচ কি বেড়ে গেছে?” কিংবা “আগামী ৫ বছরের মধ্যে একটি বাড়ি কিনতে চাইলে আমার পরিকল্পনা কেমন হওয়া উচিত?”—এই ধরনের অত্যন্ত ব্যক্তিগত ও জটিল প্রশ্ন করে সুনির্দিষ্ট পরামর্শ পাবেন।

আর্থিক তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ওপেনএআই ব্যবহারকারীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছে। গ্রাহকেরা চাইলে যেকোনো সময় সেটিংস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো আর্থিক সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবেন। সংযোগ বিচ্ছিন্ন করার ৩০ দিনের মধ্যে চ্যাটজিপিটির ডাটাবেজ থেকে গ্রাহকের সমস্ত আর্থিক তথ্য ও ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। 

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ চ্যাটবটের পরিধি ছাড়িয়ে এখন স্বাস্থ্য ও অর্থায়নের মতো সংবেদনশীল খাতের জন্য বিশেষায়িত এআই টুল তৈরির যে প্রতিযোগিতা শুরু হয়েছে, ওপেনএআইয়ের এই নতুন সংযোজন মূলত তারই অংশ।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ