স্যামসাংয়ে ধর্মঘট এড়াতে সব ধরনের পদক্ষেপ নেবে দক্ষিণ কোরিয়া

স্যামসাংয়ে ধর্মঘট এড়াতে সব ধরনের পদক্ষেপ নেবে দক্ষিণ কোরিয়া
১৭ মে, ২০২৬ ০৯:৪৭  

বেতন-ভাতা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘স্যামসাং ইলেকট্রনিক্স’-এ সম্ভাব্য শ্রমিক ধর্মঘট এড়াতে সব ধরনের আইনি ও প্রশাসনিক বিকল্প ব্যবহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ রোববার সিউলে এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী কিম মিন-সক এই হুঁশিয়ারি দেন।

 উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে ‘জরুরি সালিশি’ (ইমার্জেন্সি আরবিট্রেশন) জারি করার কথাও ভাবছে সরকার, যাতে কোনোভাবেই উৎপাদন ব্যাহত না হয় এবং দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে। 

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চিপের বাজারে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন স্যামসাংয়ের উৎপাদন বন্ধ হলে তা পুরো বিশ্বের প্রযুক্তি খাতের সাপ্লাই চেইনে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কিম মিন-সক জানান, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির কারখানায় মাত্র এক দিনের জন্য উৎপাদন বন্ধ হলে সরাসরি ১ ট্রিলিয়ন উওন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকার সমপরিমাণ ক্ষতি হবে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন যে, চিপ উৎপাদন লাইনে সাময়িক বিরতি দেখা দিলে তা পুরোপুরি সচল করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। কারখানার কাঁচামাল নষ্ট হওয়াসহ সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১০০ ট্রিলিয়ন উওন পর্যন্ত পৌঁছাতে পারে। 

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির ২২ দশমিক ৮ শতাংশই আসে স্যামসাং থেকে এবং দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারের ২৬ শতাংশ মূল্য ধরে রেখেছে এই একক প্রতিষ্ঠানটি।

আইন অনুযায়ী, কোনো শিল্প বিরোধের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে শ্রমমন্ত্রী ‘জরুরি সালিশি’র নির্দেশ জারি করতে পারেন। এই নির্দেশ জারি হলে পরবর্তী ৩০ দিনের জন্য যেকোনো ধরনের ধর্মঘট বা আন্দোলন আইনত নিষিদ্ধ হয়ে যায় এবং এই সময়ের মধ্যে জাতীয় শ্রম সম্পর্ক কমিশন উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করে। 

তবে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই আইনের প্রয়োগ অত্যন্ত বিরল। এই সংকট মেটাতে আগামীকাল সোমবার সরকারি মধ্যস্থতাকারীর উপস্থিতিতে স্যামসাং কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে পুনরায় আলোচনা শুরু হতে যাচ্ছে, যেখানে ইউনিয়ন নেতারা আন্তরিকতার সাথে সমঝোতায় পৌঁছানোর আশ্বাস দিয়েছেন।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স