ফুটবলপ্রেমীদের জন্য ‘১ গোল ১ নেটওয়ার্ক’ উদ্বোধন 

ফুটবলপ্রেমীদের জন্য ‘১ গোল ১ নেটওয়ার্ক’ উদ্বোধন 
১৭ মে, ২০২৬ ০০:০০  

আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ চালু করলো দেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড। এর মাধ্যমে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জিতে নেয়ার সুযোগ পাবেন টিপিলিংক রাউটার ক্রেতারা।

রাজধানীর মাদানী এভিনিউয়ের ফর্টিস ডাউনটাউন রিসোর্টে ১৬ মে, শনিবার অনুষ্ঠিত এক্সপার্ট মিটআপ-এ এই কার্যক্রমের উদ্বোধন করেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। এসময় পরিবেশক প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা ও চিফ অপারেটিং অফিসার মুহাম্মদ মাসুদ হোসেনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে  টিপি-লিংকের পণ্যের বাস্তব ব্যবহারিক সফলতা ও শিল্পোত্তর চ্যালেঞ্জের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট ও বাজারে টিপি-লিংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। 

এসময় প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসতে টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) প্রত্যয়ের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। আগামীতে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, সরকারের অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ সক্রিয়ভাবে যাচাই করে দেখা হচ্ছে।

অপরদিকে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ২০০৪ সাল থেকে এক্সেলের সঙ্গে টিপি-লিংকের পথচলা। টিপি-লিংকের প্রথম আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ। বাংলাদেশে তিন কোটির বেশি টিপি-লিংকের পণ্য বিক্রি করেছি আমরা। বাংলাদেশে আড়াই হাজারের মতো টিপি-লিংকের চ্যানেল পার্টনার রয়েছে আর এক্সেলের ২২টি সার্ভিস সেন্টার রয়েছে, যে জায়গায় আমরা বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকি। 

অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস-এর বেশ কিছু নতুন পণ্য উপভোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা। এসময় তাদের জানানো হয়, ওমাডা সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর (ওসিএনএ) কোর্সের মাধ্যমে সার্টিফিকেশন ও হ্যান্ডস-অন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ৩০০-এর বেশি ওমাডা এক্সপার্ট তৈরি করা হয়েছে। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আইটি প্রফেশনাল, সিস্টেম ইন্টিগ্রেটর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি প্রধানেরা। 
ডিবিটেক/এসআর/এমআই