হানিফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা: কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ […] The post হানিফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

হানিফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
১১ মে, ২০২৬ ১৪:০৫  

ঢাকা: কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে যৌথভাবে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে তাদের ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

দুদকের তদন্ত কর্মকর্তারা আদালতে উল্লেখ করেন, চলমান দুই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আয়কর নথি জব্দের আদেশ দেন।

The post হানিফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.