অনলাইনে ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’র বাংলাদেশ প্রতিনিধি খুঁজছে বঙ্গ
দেশে প্রথমবারের মতো সংগীত বিশ্বের ‘ওয়ার্ল্ড কাপ’ খ্যাত ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’র জন্য ‘ন্যাশনাল সিলেকশন শো’ আয়োজন করছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ। ১০ মে, রবিবার থেকে অনলাইনে শুরু হয়েছে প্রতিযোগীদের আবেদন গ্রহণ।
আয়োজকরা জানিয়েছেন, দেশের শিল্পীরা বঙ্গ-এর অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ জুন পর্যন্ত। নির্বাচিত বিজয়ী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতায় একক শিল্পী, দ্বৈত কিংবা সর্বোচ্চ ৬ সদস্যের দল অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। জমা দেওয়া গান অবশ্যই মৌলিক হতে হবে এবং এর দৈর্ঘ্য সর্বোচ্চ ৩ মিনিট।
আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি টিভি শো নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে তুলে ধরার বড় সুযোগ। বিশ্বমানের স্টেজ প্রোডাকশন ও লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দেশের পরবর্তী বৈশ্বিক সংগীত তারকাকে খুঁজে বের করাই এই আয়োজনের লক্ষ্য।
বিশেষজ্ঞ বিচারক প্যানেল প্রাথমিকভাবে সেরা ১২ প্রতিযোগী নির্বাচন করবেন। পরে দর্শক ভোট ও জুরি বোর্ডের নম্বরের সমন্বয়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। ভোট গ্রহণ হবে জুপ পরিচালিত অফিশিয়াল ইউরোভিশন এশিয়া প্ল্যাটফর্মে।
ডিবিটেক/বিএ/ইকে



