ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ ওয়ালটন প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ ওয়ালটন প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
১০ মে, ২০২৬ ১৭:১১  

২০২৫ সালে পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি ও কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে দেশের ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্য খাতের শীর্ষ ব্র্যান্ড।

১০ মে, রবিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত দিনব্যাপী ‘ওয়ালটন প্লাজা বার্ষিক পুরস্কার অনুষ্ঠান-২০২৫’-এ সেরা প্লাজা ও কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‘অর্জনই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে দেশব্যাপী বিভিন্ন অঞ্চলের আওতাধীন ১৬০টি ওয়ালটন প্লাজাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ২৮ জন কর্মকর্তাকে ‘সেরা কর্মী সম্মাননা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা অংশীদার এস এম মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান।

ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচ শতাধিক কর্মকর্তা অংশ নেন।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম শামছুল আলম বলেন, ওয়ালটন প্লাজা এখন প্রতিষ্ঠানের সবচেয়ে শক্তিশালী বিক্রয় প্ল্যাটফর্ম ও ব্যবসায়িক শক্তির অন্যতম উৎস। তিনি বিক্রয় বৃদ্ধিতে আরও উদ্ভাবনী কৌশল গ্রহণের আহ্বান জানান।

এস এম আশরাফুল আলম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশজুড়ে বিস্তৃত প্লাজা নেটওয়ার্ক ওয়ালটনের ব্যবসায়িক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের সবচেয়ে বড় বিক্রয় নেটওয়ার্ক হিসেবে ওয়ালটন প্লাজার প্রতি ক্রেতাদের আস্থা ও নির্ভরতা ধরে রাখাই এখন প্রধান দায়িত্ব। তিনি আগামী অর্থবছরের বিক্রয়, অর্থ আদায় ও মুনাফার নতুন লক্ষ্যমাত্রাও ঘোষণা করেন। পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে সফল কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়ার কথাও জানান।

ওয়ালটন প্লাজার চলমান বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান।

ডিবিটেক/এসআই/ইকে