যবিপ্রবিতে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার শিক্ষা কল্যাণ ট্রাস্ট

যবিপ্রবিতে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার শিক্ষা কল্যাণ ট্রাস্ট
১০ মে, ২০২৬ ১৮:১৯  

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ৫০ লাখ টাকা অনুদান দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান। তার ও সহধর্মিণী ফিরোজা পারভিনের নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ গঠন করা হচ্ছে ‘প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও ফিরোজা পারভিন শিক্ষা কল্যাণ ট্রাস্ট’।

১০ মে, রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর-এর কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও তার সহধর্মিণী।

জানা গেছে, ট্রাস্ট ফান্ডের মূল অর্থ স্থায়ী আমানত হিসেবে সংরক্ষিত থাকবে। সেই আমানত থেকে প্রাপ্ত লভ্যাংশের মাধ্যমে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় একটি শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠনের ইচ্ছা ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সেই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন আর্থিক সংকটে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবার দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠনের ঘটনা এটিই প্রথম। অধ্যাপক মিজানের এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিরোজা পারভিন, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, রেজিস্ট্রার মো. কাজী জালাল উদ্দীন এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীন নিগার। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিবিটেক/এমএনএইচ/এমইউআইএম