দুই দিনের কর্মশালা শেষে ঢাকায় চলছে বিডিনগ সম্মেলন ২০২৬

এআইনির্ভর নেটওয়ার্ক ও আইএক্সপি হাব গঠনে গুরুত্বারোপ

এআইনির্ভর নেটওয়ার্ক ও আইএক্সপি হাব গঠনে গুরুত্বারোপ
৯ মে, ২০২৬ ১০:৩৮  

আইওটি নিরাপত্তা, আইপিভি৬, এআইওপস ও ইন্টারনেট অবকাঠামো নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজধানীর ঢাকাঢ চলছে দিনব্যাপী বিডিনগ সম্মেলন ২০২৬। ৯ মে, শনিবার রাজধানীর লা মেরিডিয়ান, ঢাকায় চলমান এই সম্মেলনে ইন্টারনেট অবকাঠামো, নেটওয়ার্ক নিরাপত্তা, আইওটি, ডেটা সেন্টার, আইপিভি৬ এবং এআইনির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। দিচ্ছেন উপস্থিত প্রশিক্ষণারর্থীদের নানা প্রশ্নের জবাব।

দেশের সাইবার আকাশ তথা নেটওয়ার্ক সুরক্ষায় নেটওয়ার্ক প্রকৌশলীদের করণীয় নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনটিতে অংশ নিচ্ছেন ২৫০ জন নিবন্ধিত পেশাজীবি শিক্ষার্থী। তবে এই জ্ঞান সবার সমধ্যে ছড়িয়ে দিতে অনলাইনে সম্প্রাচরিত হচ্ছে কর্মশালাটি। পাঠক চাইলেই এখানে ক্লিক করে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। 

সকালে সম্মেলনের প্রথম সেশনে ‘অপারেশনাল নেটওয়ার্ক–১’-এ শিল্পকারখানার আইসিএস নেটওয়ার্ক সুরক্ষায় জিরো ট্রাস্ট আর্কিটেকচার নিয়ে বক্তব্য দেন স্মার্ট টেকনোলজিস এর সুদীপ্ত মন্ডল। এছাড়া আইএসপি পরিবেশে অক্সিডাইজড ব্যবহার করে নেটওয়ার্ক কনফিগারেশন ব্যাকআপ ও ভার্সন কন্ট্রোল নিয়ে আলোচনা করছেন পিকো পাবলিক ক্লাউড এর তাওফিক আহমেদ। প্রথম অধিবেশনের শেষ সভায় সিডিএন কার্যকারিতা বিশ্লেষণে ডিএনএস লগ ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন এডিএন টেলিকম এর আবু সুফিয়ান।

দ্বিতীয় সেশনে ডেটা সেন্টার নেটওয়ার্কিং ও অবজারভেবিলিটি নিয়ে বক্তব্য দেবেন পিকো পাবলিক ক্লাউড লিমিটেডের হাসান উজ জামান আশিক। সাইবার নিরাপত্তা ও রেজিলিয়েন্স নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক মাহেদী হাসান। জাপানের IIJ-এর ইয়োশিনোবু মাতসুজাকি উপস্থাপন করবেন ডিএনএস কুয়েরি ট্রেন্ডস।

তৃতীয় সেশনে ইন্টারনেট অবকাঠামোকে আরও সহনশীল করতে ওপেন ফাইবার ডেটা স্ট্যান্ডার্ড ব্যবহারের ওপর আলোচনা করবেন ইন্টারনেট সোসাইটির প্রশিক্ষক ওয়ারেন ফিঞ্চ। আইপিভি৬-ভিত্তিক নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট নিয়ে বক্তব্য দেবেন এপনিক সদস্য মো. আবদুল আউয়াল। আর নেটওয়ার্ক ব্যবস্থাপনায় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের সম্ভাবনা তুলে ধরবেন লিংক থ্রি টেকনোলজিস এর সিটিও রাকিবুল হাসান।

বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে সমাপনী পর্ব। বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লবের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে। 

সমাপনী অধিবেশনে “বাংলাদেশকে আঞ্চলিক আইএক্সপি হাব হিসেবে প্রতিষ্ঠা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এছাড়া “From Reactive to Autonomous Networks: AIOps for Scalable Internet Infrastructure in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এআইইউবি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুল ইসলাম।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. রাজ্জাকী ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। 

এছাড়াও উপস্থিত থাকবেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম ও সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁইয়া। 

এর আগে ৬ থেকে ৮ মে পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে তিনটি প্রযুক্তিভিত্তিক কর্মশালা। এসব কর্মশালায় আইপিভি৬ ও রাউটিং বেস্ট প্র্যাকটিস, আইএক্সপি ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্সড বিগিপি উইথ মিক্রোটিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন এপনিক সদস্য আওয়াল হাওলাদার, আবু সুফিয়ান, প্রাইম ব্যাংকের শায়লা শারমিন, আম্বার আইটি’র মাহবুব হাসান পাভেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসাইন, সামিট নিক্স এর নেপওয়ার্ক প্রকৌশলী নাফিউন নবী বাবির, আইসক প্রশিক্ষক ওয়ারেন ফিঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম হাসান রাজা এবং ওয়ান স্কাই কমিউনিকেশনের একেএম জাহাঙ্গীর।

ডিবিটেক/আইএইচ/এমইউআইএম