সহজডটকম, বিডিটিকেটস ও অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মে মিলছে ঈদের টিকিট, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ

ঈদযাত্রায় অনলাইনে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় অনলাইনে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
৮ মে, ২০২৬ ১৫:১৪  

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ৮ মে, শুক্রবার সকাল থেকে বিভিন্ন পরিবহন কোম্পানি কাউন্টারের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও টিকিট বিক্রি শুরু করে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট অগ্রিমভাবে বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই দেশের বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করতে পারছেন।

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট কেনার প্রবণতা বাড়ছে। বর্তমানে সহজডটকম, বিডিটিকেটস এবং যাত্রী–সহ বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বাসের টিকিট কাটা যাচ্ছে।

ব্যবহারকারীরা ওয়েবসাইটে প্রবেশ করে বা গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে সহজেই টিকিট কিনতে পারছেন। এ জন্য প্রয়োজন হচ্ছে এনআইডি নম্বর ও মোবাইল নম্বর।

টিকিট কাটতে যাত্রার স্থান, গন্তব্য ও ভ্রমণের তারিখ নির্বাচন করে সার্চ দিলেই বাসের তালিকা, সময়সূচি ও ভাড়া দেখা যাচ্ছে। এরপর পছন্দের বাস ও আসন নির্বাচন করে যাত্রীর তথ্য দিয়ে বুকিং নিশ্চিত করা যাচ্ছে।

অনলাইন প্ল্যাটফর্মে বুকিং হওয়া আসনগুলো আলাদা রঙে দেখানো হচ্ছে, ফলে যাত্রীরা সহজেই খালি আসন বেছে নিতে পারছেন। বুকিং নিশ্চিতের পর ৩০ মিনিটের মধ্যে ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হচ্ছে। পেমেন্ট সফল হলে টিকিট ডাউনলোডের সুযোগ মিলছে। যাত্রার সময় ডিজিটাল বা প্রিন্টেড কপি সঙ্গে রাখলেই ভ্রমণ করা যাবে।

এদিকে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। অনলাইন ও কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়া সম্পর্কে সহজেই জানতে পারেন।

ডিবিটেক/এসএইচ/এমইউএম