প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কাজ করছে সরকার: আইজিপি
খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করে আইনশৃঙ্খলা উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন পুলিশপ্রধান
দেশে আধুনিক ও জনবান্ধব প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মো. আলী হোসেন ফকির। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
৮ মে, শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, একসময় পুলিশের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ ছিল। ফাইল অনুমোদনে দীর্ঘসূত্রতা দেখা যেত। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, “নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিক সহযোগিতা দিচ্ছে।”
আইজিপি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল ভূমিকা পালন করছে।
পুলিশ বাহিনীতে জনবল সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মো. আলী হোসেন ফকির বলেন, নতুন অর্থবছরে এ সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি।”
ডিবিটেক/বিএনও/এমইউএম



