মা দিবসে টগুমগু অ্যাপে অফলাইনে দুই দিনের উৎসব
পাপেট শো, প্যারেন্টিং সেশন ও সাংস্কৃতিক আয়োজনে মুখর টগুমগু প্যারেন্টিং হাব
মা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু-এর দুই দিনব্যাপী বিশেষ আয়োজন। উত্তরার সেক্টর ১২-এর সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত টগুমগু প্যারেন্টিং হাব-এ অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।
পরিবারকেন্দ্রিক এ আয়োজনে শিশু ও অভিভাবকদের জন্য রাখা হয়েছে নানা ধরনের বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রম। দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ স্টেজ গেম, ক্রাফটিং সেশন এবং শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।
এ ছাড়া শিশুদের প্রাথমিক বিকাশ ও ইতিবাচক প্যারেন্টিং নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব সেশনে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজনে অংশ নেওয়া অভিভাবকেরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করে।
টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “সন্তানদের লালন-পালনে মায়েদের অবদান অপরিসীম। তাঁদের ত্যাগ ও ভালোবাসাকে সম্মান জানাতেই মা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন।”
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শহুরে জীবনে ইতিবাচক প্যারেন্টিং চর্চা বাড়াতে সহায়তা করবে এবং পরিবারে পারস্পরিক সম্পর্ক ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
দুই দিনের এ উৎসব আগামীকালও চলবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং পরিবারসহ অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।
ডিবিটেক/এনএ/এমআই



