ওপেনএআই-গুগলকে টেক্কা দিয়ে মেমোরি ও কোডিং প্রযুক্তিতে সিলিকন ভ্যালিতে চমক
ফোর্বসের নিবন্ধে বাংলাদেশি প্রকৌশলী হাসিবুলের এআই স্টার্টআপ ‘সিডিএল’
বিশ্ববিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের নিবন্ধে স্থান পেয়েছে বাংলাদেশি প্রকৌশলী হাসিবুল হকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক স্টার্টআপ ‘ক্যাজুয়াল ডায়নামিকস ল্যাব’ (সিডিএল)।
বিশ্ববিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এক নিবন্ধে স্থান করে নিয়েছে বাংলাদেশি আইটি উদ্যোক্তা ও বুয়েট প্রকৌশলী হাসিবুল হকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক স্টার্টআপ ‘ক্যাজুয়াল ডায়নামিকস ল্যাব’ বা সিডিএল। সিলিকন ভ্যালির পাশাপাশি ঢাকাতেও এই প্রতিষ্ঠানের একটি বিশেষ প্রকৌশলী দল কাজ করছে।
প্রচলিত এআই মডেলগুলোর চ্যাট সেশনভিত্তিক সীমাবদ্ধতা ভেঙে সিডিএল তৈরি করেছে ‘সিয়েলারা’ (Cielara) নামক একটি ডিজিটাল ব্রেইন, যা পুরো কোম্পানির সিস্টেমকে নিজস্ব মেমোরিতে ধরে রাখতে পারে। যেখানে অন্যান্য বড় মডেলগুলো সর্বোচ্চ ১০ লাখ টোকেন প্রসেস করতে হিমশিম খায়, সেখানে সিডিএলের এই সিস্টেম ১২ কোটি ৫০ লাখ টোকেন নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম।
প্রযুক্তি প্ল্যাটফর্ম হ্যাকারনুনের তথ্য অনুযায়ী, জটিল কোড জেনারেশনের পরীক্ষায় সিডিএলের নিজস্ব সিস্টেম ‘রিজোনারা’ (Reasonara) ৭৩ শতাংশ স্কোর করেছে, যেখানে গুগলের জেমিনাই স্কোর করেছে মাত্র ২৬ শতাংশ। যশোর জিলা স্কুল ও বুয়েটের সাবেক শিক্ষার্থী হাসিবুল হক ইতিপূর্বে মাইক্রোসফট এবং উবারে কাজ করেছেন।
বর্তমানে ঢাকার অফিসে ইঞ্জিনিয়ারিং প্রধান আজমত ইকবালসহ ২০ জনের একটি দক্ষ টিম নিয়ে কাজ করছেন তিনি। তাদের বৈশ্বিক গবেষণা দলে যুক্ত আছেন এনএসএফ পুরস্কারজয়ী ড. লিয়াং ঝাও এবং মাইক্রোসফট রিসার্চের ড. জুচাও ঝাং।
৮০ লাখ ডলার তহবিল সংগ্রহ করা এই স্টার্টআপটি এআই পরিচালনার খরচ প্রায় ৯৮ শতাংশ কমিয়ে এনেছে। বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০০টি কোম্পানির মধ্যে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান সিডিএলের সেবা ব্যবহার করছে।
//ডিবিটেক/ডিএম/আইএইচ//





