১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা
১৬ মার্চ, ২০২৬ ১০:৩১  

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ১৩টি জেলায় এক হাজারের বেশি সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর জন্য আয়োজন করা হয়েছে বিশেষ ‘ঈদ মার্কেট’। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড–এর উদ্যোগে এবং বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (BYO) ডেভেলপমেন্ট ফাউন্ডেশন–এর সহযোগিতায় আয়োজিত ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’-এ অংশ নেয় কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, ভোলা, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, রংপুর, গাইবান্ধা, বরিশাল ও টাঙ্গাইল জেলার শিশুেরা।

উদ্যোগটির মাধ্যমে শিশুদের জন্য তৈরি করা হয় এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, যেখানে তারা বিভিন্ন পোশাক দেখে নিজেরাই পছন্দের রঙ ও ডিজাইন অনুযায়ী ঈদের জামা নির্বাচন করতে পারে। আয়োজকদের মতে, এই উদ্যোগ শিশুদের আনন্দের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়াতে সহায়তা করে।

কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের ১২ বছর বয়সী বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছাত্রী কেয়ার জন্যও এবারের ঈদ হয়ে উঠেছে বিশেষ। ভ্যানচালক বাবার সীমিত সামর্থ্যের কারণে পছন্দের পোশাক পাওয়া নিয়ে তার ছিল শঙ্কা। তবে এই উদ্যোগের মাধ্যমে সে নিজের পছন্দের পোশাক বেছে নিতে পেরে ভীষণ আনন্দিত বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজে জানায়।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, “যখন একটি শিশু নিজের পছন্দ অনুযায়ী কিছু বেছে নেওয়ার সুযোগ পায়, তখন তা শুধু আনন্দই দেয় না, তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।”

অন্যদিকে, জিহাদ আকন্দ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (BYO) ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানান, সংগঠনের উদ্যোগ ও গার্ডিয়ান লাইফের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় এক হাজার শিশু তাদের পছন্দমতো ঈদের পোশাক পেয়েছে এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। 

ডিবিটেক/এমআর/এমইউএম