তফসিল ব্যবস্থাপনায় ডিজিটাল সফটওয়্যার চালু করলো ইসি
নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামে নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য ইনপুট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত চিঠি মাঠ ৭ মে বৃহস্পতিবার কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণার সুবিধার্থে এই ডিজিটাল নির্বাচনি ক্যালেন্ডার সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।
সফটওয়্যারটিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের তারিখ, গেজেট প্রকাশ, শপথ গ্রহণ, প্রথম সভার তারিখ, ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস এবং মামলা সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখতে হবে।
ইসি জানিয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের সফটওয়্যারটিতে প্রয়োজনীয় তথ্য এন্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ মে’র মধ্যে সব তথ্য বাধ্যতামূলকভাবে এন্ট্রি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই ডিজিটাল মডিউল চালুর ফলে নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য সংরক্ষণ, তফসিল প্রস্তুতি এবং সমন্বয় কার্যক্রম আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে।
ডিবিটেক/বিটি/ইকে



