ছাদে সোলার প্যানেল স্থাপনে বিনিয়োগের আহ্বান বিদ্যুৎমন্ত্রীর

ছাদে সোলার প্যানেল স্থাপনে বিনিয়োগের আহ্বান বিদ্যুৎমন্ত্রীর
৭ মে, ২০২৬ ১৩:০৯  

বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার এখন সৌরবিদ্যুতের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার দিকেও গুরুত্ব দিচ্ছে।

৭ মে, বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত পাওয়ার এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ব্যাটারি বা বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা ছাড়া দিনের বেলায় উৎপাদিত সৌরবিদ্যুতের পুরো সুবিধা পাওয়া যায় না। বিশেষ করে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ কারণে বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তির ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সময় আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের টেকসই বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, সবুজ নির্মাণকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতকে সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা ৯ মে পর্যন্ত চলবে। এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ডিবিটেক/ডিএমএ/ইক