টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে মানববন্ধন
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড-কে ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে ৭মে, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি-র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, টেলিটকের জন্য সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্পেকট্রাম বরাদ্দ, প্রতিষ্ঠানটির উন্নয়নের ইঙ্গিত বহন করে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নীতিগত বৈষম্য, বিনিয়োগ ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে টেলিটক পিছিয়ে রয়েছে। বর্তমান সময়ে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে, যা দেশের টেলিযোগাযোগ খাতের জন্য উদ্বেগজনক।
মানববন্ধনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন-এর সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে রাষ্ট্রীয় অপারেটরের প্রয়োজন রয়েছে। টেলিটকের কম মূল্যের সেবার কারণেই অন্যান্য অপারেটর চাপের মধ্যে থাকে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, টেলিটক দুর্বল হয়ে পড়লে বাজারে ডাটা ও ভয়েস কলের দামে সিন্ডিকেট তৈরি হতে পারে।
তিনি টেলিটককে লাভজনক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সরকারের কাছে কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—টেলিটকবিরোধী দেশি-বিদেশি চক্রান্ত বন্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুনর্গঠন পরিকল্পনা, বকেয়া সমস্যা সমাধান, পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় স্বাধীন নিরীক্ষা চালু করা।
বক্তারা আরও বলেন, টেলিটককে দুর্বল বা ধ্বংস করার যেকোনো অপচেষ্টা দেশের ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আজিজ সরকার। এছাড়া বক্তব্য দেন মিজানুর রহমান মিজু, রাজু আহমেদ খান, সিদ্দিকুর রহমান, ছাত্রনেতা মিজান, মানবাধিকারকর্মী সাধনা মহল এবং মাসুদ হাসান বাদল প্রমুখ।
ডিবিটেক/এমএ/ইকে



