স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার: ফকির মাহবুব আনাম

২ মে, ২০২৬ ২১:৫১  
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে জন্মগত ঠোঁট ও তালুকাটা রোগের চিকিৎসা পেলেন স্থানীয়রা। অনুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি আগত রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।
এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সহধর্মিনী ডা. রেশমা আনাম।
২ মে, শনিবার চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ক্যাম্পের আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মানবাধিকারবিষয়ক সহসম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের পর সরকারের স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য সংশ্লিষ্টদের মানুষের কাছে গিয়ে কাজ করতে হবে। সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের হাসপাতালগুলোর ওপর বিশেষ নজরদারি জোরদার করা হবে।
অনুষ্ঠানের পূর্বে মন্ত্রী মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ডিবিটেক/জেইউ/ইকে