কাস্টমস ও ভ্যাট সুবিধার মেয়াদ ২০৩৫ সাল পর্যন্ত বলবত চায় এমআইওবি

কাস্টমস ও ভ্যাট সুবিধার মেয়াদ ২০৩৫ সাল পর্যন্ত বলবত চায় এমআইওবি
২৭ এপ্রিল, ২০২৬ ২০:৪৩  

কাস্টমস ও ভ্যাট সুবিধার মেয়াদ ২০৩৫ সাল পর্যন্ত বলবত রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি)।  সংগঠনটির দাবি, দীর্ঘমেয়াদি বিনিয়োগের নিরাপত্তা এবং গ্রে মার্কেটের (অবৈধ বাজার) চ্যালেঞ্জ মোকাবিলায় এই সময়সীমা বাড়ানো জরুরি।

২৭ এপ্রিল, সোমবার বিকেলে আগারগাঁও এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের পক্ষে দাবিগুলো পেশ করেন এমআইওবি জাকারিয়া শাহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাাইফুদ্দিন টিপু; কোষাধ্যক্ষ ইমাম উদ্দিন এবং সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।

এনবিআর চেয়ারম্যান  মো. আবদুর রহমান খানের সামনে তুলে ধরা দাবিগুলোর মধ্যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শক্তিশালী করতে ডেটা ক্যাবল তৈরির উপকরণগুলোকেও (যেমন: কপার, পিভিসি, ইউএসবি কানেক্টর) রেয়াতি সুবিধার আওতায় আনার প্রস্তাব করেছে এমআইওবি। ব্যবসায়ী পর্যায়ে বর্তমান ৭.৫% ভ্যাটের পরিবর্তে শুধু প্রকৃত মূল্য সংযোজনের ওপর ভ্যাট নির্ধারণের দাবি জানানো হয়েছে। এতে ভোক্তাদের জন্য মোবাইলের দাম আরও সাশ্রয়ী হবে বলে দাবি করছে সংগঠনটি। 

উৎপাদন খরচ কমাতে মোবাইল যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব দিয়েছে এমআইওবি। এছাড়া, যদি কোনো প্রতিষ্ঠান স্থানীয়ভাবে ১০০% মাদারবোর্ড সংযোজন করে, তবে তাকে বিশেষ কর সুবিধা প্রদানের সুপারিশ করা হয়েছে তারা।

সংগঠনটি জানায়, বর্তমানে দেশের কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার মাত্র ৩০-৪০% ব্যবহৃত হচ্ছে। নীতিমালার মেয়াদ না বাড়লে বিশাল বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে এবং দেশ আবারও আমদানিনির্ভর হয়ে পড়তে পারে।
ডিবিটেক/জেএনও/ইকে