ক্যাসপারস্কির রাজস্ব ৮৩৬ মিলিয়ন ডলার
বিশ্বজুড়ে সাইবার হুমকি বাড়ায় প্রতিদিন প্রায় পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত এবং ৫৬০টিরও বেশি পণ্য হালনাগাদ করে ২০২৫ সালে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে ক্যাসপারস্কি। ১৩ এপ্রিল, সোমবার ডিজিটাল নিরাপত্তা সল্যুশন দেয়া প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালে ক্যাসপারস্কির মোট রাজস্ব দাঁড়িয়েছে ৮৩৬ মিলিয়ন মার্কিন ডলার।
প্রতিষ্ঠানভিত্তিক ব্যবসা ছিল প্রবৃদ্ধির মূল উৎস, যা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বড় প্রতিষ্ঠানের জন্য সমাধান ২১ শতাংশ এবং ছোট ও মাঝারি ব্যবসায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রচলিত ডিভাইস-নির্ভর নিরাপত্তার বাইরে থাকা সল্যুশনগুলো ২৯ শতাংশ বেড়েছে, যেখানে সাধারণ সল্যুশন মাত্র ১ শতাংশ। বিশেষ করে “ক্যাসপারস্কি নেক্সট” প্ল্যাটফর্ম ১৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
ক্যাসপারস্কি এসআইইএম ৩০ শতাংশ, থ্রেট ইন্টেলিজেন্স ১৮ শতাংশ এবং শিল্প খাতের সাইবার নিরাপত্তা ২৫ শতাংশ বেড়েছে। পরিচালিত নিরাপত্তা সেবা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ক্যাসপারস্কি ওএসভিত্তিক পণ্যগুলো ৮৫ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে।
ভোক্তা পর্যায়ের ব্যবসা রাজনৈতিক প্রভাবের কারণে ৩ শতাংশ কমেছে, তবে মধ্যপ্রাচ্য, রাশিয়া, সিআইএস এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি দেখা গেছে। মোট ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি, আর সাবস্ক্রিপশনভিত্তিক ব্যবহারকারী ৪ শতাংশ বেড়েছে। নতুন পণ্য হিসেবে চালু হয়েছে “ক্যাসপারস্কি ই-সিম স্টোর”।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইউজিন ক্যাসপারস্কি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। মধ্যপ্রাচ্য, এশিয়া-প্যাসিফিক ও লাতিন আমেরিকায় প্রবৃদ্ধি বজায় রাখা গেছে। জনবল, পণ্য, প্রযুক্তি ও ব্যবসা উন্নয়নে বিনিয়োগ অব্যাহত থাকবে, যাতে নতুন সুযোগ কাজে লাগিয়ে আরও দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা যায়।
ডিবিটেক/আরআই/ইকে







