দুই আইফোনে চালানো যাবে একই ফোন নাম্বার

দুই আইফোনে চালানো যাবে একই ফোন নাম্বার
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৩  

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে একটি অভিনব প্রযুক্তি আনতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এতদিন দুটি আলাদা আইফোন ব্যবহার করতে হলে দুটি ভিন্ন ফোন নম্বর প্রয়োজন হতো অথবা বারবার সিম কার্ড এক ফোন থেকে অন্য ফোনে স্থানান্তর করতে হতো। তবে নতুন অপারেটিং সিস্টেম 'আইওএস ২৭'-এ যুক্ত হতে যাওয়া ‘আইফোন হ্যান্ডঅফ’ ফিচারের মাধ্যমে একটিমাত্র ফোন নম্বর দুটি আইফোনে ব্যবহারের সুযোগ মিলবে। 

আগামী সপ্তাহে অ্যাপলের নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানের পরপরই এই হালনাগাদ সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে। 

গত জুনে আয়োজিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি-তে এই ফিচারের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক অনলাইন ফোরাম ম্যাকরুমার্স-এর এক সদস্য অ্যাপলের এক্সকোড ২৭ সিমুলেটরের ডিভাইস হাব ব্যবহার করে ফিচারটির কার্যপ্রণালী প্রকাশ্যে আনেন। 

যেভাবে কাজ করবে আইফোন হ্যান্ডঅফ
নতুন এই সুবিধা চালু করতে ব্যবহারকারীকে তার একটি আইফোনকে ‘মূল ডিভাইস’ এবং অপরটিকে ‘সহযোগী ডিভাইস’ হিসেবে নির্ধারণ করতে হবে। মূল আইফোনে ব্যবহারকারীর প্রধান ই-সিম সক্রিয় থাকবে। অন্যদিকে দ্বিতীয় আইফোনে একই নাম্বারের অধীনে একটি সহযোগী ই-সিম যুক্ত করা হবে। 

ব্যবহারকারী যখন যে আইফোনটি সক্রিয়ভাবে ব্যবহার করবেন, সেলুলার সংযোগটি স্বয়ংক্রিয়ভাবে সেই ডিভাইসে স্থানান্তরিত হয়ে যাবে। ফোন নাম্বারটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে স্ক্রিনের 'ডাইনামিক আইল্যান্ড'-এ একটি বার্তা বা নোটিফিকেশন দেখা যাবে। 

মোবাইল অপারেটরের সহায়তা আবশ্যক
আইফোন হ্যান্ডঅফ ফিচার ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে প্রথম শর্ত হলো দুটি আইফোনেই আইওএস ২৭ অপারেটিং সিস্টেম চালু থাকতে হবে। এছাড়া ফিচারটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট মোবাইল নেটওয়ার্ক বা সেলুলার অপারেটরের কারিগরি সমর্থন প্রয়োজন হবে। আর সেলুলার সংক্রান্ত যাবতীয় সেটিংস কেবল মূল আইফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। 

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ‘টি-মোবাইল’ এবং জার্মানির ‘ডয়েচে টেলিকম’ প্রথম দিককার অপারেটর হিসেবে এই সুবিধা প্রদান শুরু করবে। চলতি মাসেই আইওএস ২৭-এর মূল সংস্করণ বাজারে এলে ফিচারটির বিশদ ব্যবহার ও প্রাপ্যতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। 

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা