‘প্রাইমপে’ প্ল্যাটফর্মে সামুদা গ্রুপ
প্রাইম ব্যাংকের আধুনিক ওমনিচ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সকল ধরনের দেশীয় পেমেন্ট ও ডিসবার্সমেন্ট সম্পন্ন করবে চুক্তির আওতায় সামুদা গ্রুপ। পাশাপাশি বিক্রয় সংগ্রহ ব্যবস্থাপনার জন্য ব্যাংকের সারাদেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করবে। এমআইএস রিপোর্টিং ব্যবহারের মাধ্যমে নিজেদের আর্থিক ব্যবস্থাপনাকে দক্ষ ও স্বচ্ছ করতে উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ লক্ষ্যে সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠান একটি সমঝোতা চুক্তি সই করেছে বলে ১২ এপ্রিল, রবিবার ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান, সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার এবং প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইমপে হলো প্রাইম ব্যাংকের একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা গ্রাহকদের সহজে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করার সুযোগ দেয়। এর মাধ্যমে আরটিজিএস, বিএফটিএন, ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, এমএফএসসহ ইলেকট্রনিক ও কাগজভিত্তিক লেনদেন করা যায়। এছাড়াও ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে চেক ও পে-অর্ডার ইস্যু করা সম্ভব। গ্রাহকরা সহজেই শুল্ক, কর, ভ্যাট ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন।
ডিবিটেক/এসএনএইচ/ইকে







