‘ফ্যাক্ট চেকিং’ ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ায় সবিশেষ গুরুত্বারোপ

‘ফ্যাক্ট চেকিং’ ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ায় সবিশেষ গুরুত্বারোপ
১২ এপ্রিল, ২০২৬ ০৫:২০  
১২ এপ্রিল, ২০২৬ ০৯:২৪  

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ফ্যাক্ট চেকিং’ ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ায় সবিশেষ গুরুত্বারোপ কেরেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

১২ এপ্রিল, রবিবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। সভায় বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বাড়াতে ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিবান্ধব বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, নতুন আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনকে সরাসরি যুক্ত করা হবে। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্যের (ডিসইনফরমেশন) বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়া সমান গুরুত্বপূর্ণ।

এ সময় তথ্যমন্ত্রী জানান, তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তিনি বলেন, বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে, তাই তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তথ্যের প্রবাহ বাড়াতে ‘মোর ইনফরমেশন, মোর ট্রুথ’ নীতিতে বিশ্বাস রেখে অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সুপারিশের ভিত্তিতে একটি কার্যকর আইন প্রণয়ন করা হবে। এক্ষেত্রে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক চরিত্র রক্ষা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তথ্যের ‘ফ্যাক্ট চেকিং’ ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

ডিবিটেক/এসএইচ/এমইউআইএম