শিগগিরই আসছে এক্সচ্যাট

শিগগিরই আসছে এক্সচ্যাট
১২ এপ্রিল, ২০২৬ ০৯:৪১  

এক্সের মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ (XChat) এর উন্মোচন হতে যাচ্ছে। অ্যাপল অ্যাপ স্টোরে প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল এটি ডাউনলোডের জন্য উন্মুক্ত হবে। ইলন মাস্ক ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এক্সের ডিএম ফিচারের ‘নতুন আর্কিটেকচার’ নিয়ে কথা বললেও বাস্তবে দীর্ঘ অপেক্ষার পর এটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে এলো।

এক্সচ্যাট একটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ। এতে এক্স ব্যবহারকারীদের মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান ও ভয়েস কল করা যাবে। প্রেরিত বার্তা এডিট ও ডিলিট করার সুবিধা থাকবে, এমনকি রিসিভারের জন্যও তা মুছে ফেলা যাবে। 

গোপনীয়তার কথা মাথায় রেখে ব্যবহারকারীরা ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ চালু করতে পারবেন, যাতে সংবেদনশীল তথ্য পাঁচ মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এছাড়া স্ক্রিনশট ব্লক করার অপশনও থাকছে। একটি গ্রুপে সর্বোচ্চ ৪৮১ জন সদস্য যুক্ত করার সুবিধা রয়েছে অ্যাপটিতে।

সবচেয়ে বড় ব্যাপার হলো, এক্সচ্যাট সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত এবং কোনো ব্যবহারকারী ট্র্যাকিং করার সুযোগ পাবে না। অ্যাপলের প্রাইভেসি লেবেলে এক্স এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।

আপাতত অ্যাপটির জন্য প্রি-অর্ডার চালু হয়েছে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য। ১৭ এপ্রিলের পর এটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে ডাউনলোড হবে। অ্যান্ড্রয়েড ভার্সন কবে আসবে, তা এখনো জানা যায়নি।

এক্সচ্যাট এক্সের মূল ডিরেক্ট মেসেজ সিস্টেমকে সম্পূর্ণ প্রতিস্থাপন করবে, নাকি পাশাপাশি চলবে, তা স্পষ্ট নয়। এটি মূলত হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো অ্যাপের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট