চুয়েটে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন ও বর্জ্য ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবীন শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৯ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি জীবন গঠনের এক নিরবচ্ছিন্ন সাধনা এবং গভীর নৈতিক দায়বদ্ধতা। একজন শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না, বরং মূল্যবোধ ও ন্যায়বোধের আলোকবর্তিকা প্রজ্বলিত করেন। শিক্ষক যত আদর্শবান ও দক্ষ হবেন, শিক্ষার্থীরাও তত বেশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী।
এদিকে একই দিন চুয়েট ও বেইজ পেপারস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় চুয়েটের ব্যবহৃত কাগজ (ওয়েস্ট পেপার) সংগ্রহ ও পুনর্ব্যবহারযোগ্য করার মাধ্যমে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে। এর ফলে চুয়েটের বর্জ্য ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং রিসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশগত দূষণ হ্রাস পাবে।
চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উপস্থিত ছিলেন। চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বেইজ পেপারস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির বিভাগীয় প্রধান বিধান বড়ুয়া চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/আইইএম/ইকে







