মেয়াদ ও বরাদ্দ বাড়লো আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রকল্পের ব্যয় ২২৮ দশমিক ৪৪৫৪ কোটি টাকা বাড়িয়ে মোট ৫৩৩ দশমিক ৫৪৯২ কোটি টাকা করা হয়েছে।
বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে ৬ এপ্রিল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এদিন মোট ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (জিএসআইডিপি-২)’ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,৪৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। একইভাবে ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের ব্যয় ২৬ দশমিক ৪৯ কোটি টাকা বাড়িয়ে মোট ১৩৯ দশমিক ৩০৯৩ কোটি টাকা করা হয়েছে এবং ২০২৬ সালের জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং সুবিধা আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,২১৩ দশমিক ৭০৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে ‘চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)’ প্রকল্পের মোট ব্যয় কমিয়ে ৩০ দশমিক ৭১৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠক সূত্রে প্রাপ্ত খবর বলছে, ২০২৫-২৬ অর্থবছরের একনেকের নবম এই সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে মোট ব্যয়ের মধ্যে ৩৯০ দশমিক ৮৪ কোটি টাকা সরকারিভাবে জোগান দেওয়া হবে এবং বাকি ৯২ দশমিক ৫৯ কোটি টাকা প্রকল্প ঋণ বা অনুদান থেকে আসবে।
এদিকে সভার আলোচ্যসূচিতে ১৯টি প্রকল্প থাকলেও ৮টির আলোচনার মধ্যেই মুলতবি রাখা হয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সভায় এসব প্রকল্প নিয়ে আলোচনা হবে।
ডিবিটেক/এসএইচ/এমইউআইএম







