দেশে মনোরেল ও পেপ্যাল আনার পরিকল্পনা জানালেন তারেক রহমান

দেশে মনোরেল ও পেপ্যাল আনার পরিকল্পনা জানালেন তারেক রহমান
২০ জানুয়ারি, ২০২৬ ২৩:৪২  

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার বিভিন্ন উদ্যোগ  নিজ আসনের ভোটারদের সামনে তুলে ধরলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে ২০ জানুয়ারি, মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় পরিকল্পনাগুলো তুলে ধরেন তিনি। 

এসময় আইটি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, পেপ্যালের মতো প্ল্যাটফর্ম বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে এবং আইটি পার্কগুলোকে সক্রিয় করা হবে। এসব আইটি পার্কে ফ্রি ওয়াইফাই ও ফ্রি ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

মোহাম্মদপুর, বনানীসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। ইউরোপীয় দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে জনপ্রতিনিধিরা গণপরিবহন ব্যবহার করেন।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশের চলমান জলাবদ্ধতা, পরিবেশদূষণ, শিক্ষা সংস্কার, যুবসমস্যা ও স্বাস্থ্যখাতের সংকট মোকাবিলায় একটি ব্যাপক ও সুসংগঠিত পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়ানো হবে এবং পরিবেশ উপযোগী বনায়নের জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে দুই বছর ধরে গবেষণা পরিচালনা করা হয়েছে। গবেষণার ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলের উপযোগী গাছ নির্ধারণ করা হয়েছে।

ঢাকার সবুজায়ন কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে ফিরে এসে লক্ষ্য করেছেন রাজধানীতে আগের তুলনায় সবুজ কমে গেছে এবং পরিবেশ অনেকটা শুষ্ক হয়ে উঠেছে। বিএনপি ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্যখাতের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরে কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম নেই এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাও সঠিকভাবে গড়ে ওঠেনি। এর ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন ঢাকা শহরে প্রায় ৭ হাজার টন ময়লা আবর্জনা উৎপন্ন হয়। এই বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও রিসাইক্লিংয়ের পরিকল্পনা রয়েছে।

ডিবিটেক/জেএনইউ/ইকে