টেলিকম খাতে জ্বালানি-বিদ্যুৎ নিশ্চিতে সরকারের জরুরি পদক্ষেপ চায় এমটব

টেলিকম খাতে জ্বালানি-বিদ্যুৎ নিশ্চিতে সরকারের জরুরি পদক্ষেপ চায় এমটব
২ এপ্রিল, ২০২৬ ১৫:১৮  

এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) টেলিকম অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট দেশজুড়ে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন ঘটাতে পারে এবং ডিজিটাল অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

এমটব জানায়, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অপারেটররা আগেই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সরকারকে অবহিত করেছিল। সরকার ইতিবাচক সাড়া দিলেও মাঠ পর্যায়ে এখনো সেই নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন দেখা যাচ্ছে না। ইতোমধ্যে কিছু এলাকায় জ্বালানি ঘাটতির প্রভাব টেলিকম কার্যক্রমে পড়তে শুরু করেছে।

সাম্প্রতিক ঝড়ের কারণে গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)–এর বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে এবং অনেক এলাকায় বিদ্যুৎ পুনরুদ্ধারে বিলম্ব হচ্ছে। সামনে বর্ষা মৌসুমে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় টেলিকম খাতের পক্ষ থেকে একটি সমন্বিত সহায়তা কাঠামোর দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক স্থাপনা ও বিটিএস সাইটে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ পরিবহনের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ এলাকায় লোডশেডিং কমানো এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার নিশ্চিত করা।

বাংলাদেশের টেলিকম অবকাঠামোয় প্রায় ৪৫ হাজার টাওয়ার, একাধিক ডেটা সেন্টার ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার রয়েছে, যা দেশের প্রায় সব এলাকায় কোটি কোটি মানুষের জন্য সেবা নিশ্চিত করে। এসব নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য।

সংস্থাটি আরও জানায়, বিদ্যুৎ বিভ্রাটের সময় টেলিকম নেটওয়ার্ক ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভরশীল থাকে। ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তা সারাদেশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

এমটব মনে করে, টেলিযোগাযোগ খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। নিরবচ্ছিন্ন সংযোগ ব্যাহত হলে ই-কমার্স, ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা ও অন্যান্য ডিজিটাল কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে টেলিকম খাতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ডিবিটেক/এএএম/ইকে