পাম্পে তেলের খবর নিয়ে এলো ‘তেল কই’ অ্যাপ
প্রজন্মকে নিয়ে প্রায়ই নানা সমালোচনা শোনা যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সুযোগ পেলে এই প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে সমাজের বাস্তব সমস্যারও সমাধান খুঁজে বের করতে পারে। বাজারে তেল নিয়ে যখন তেলেসমাতি চলছি তখন দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি দূর করতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো জনৈক জেন-জি ডেটা এনালিস্টের তৈরি ‘তেল কই’ নামের একটি নাগরিক অ্যাপ।
তার তৈরি এই ওয়েবভিত্তিক অ্যাপ কম্পিউটার, ট্যাবলেট কিংবা স্মার্টফোন সব ডিভাইস থেকেই ব্যবহার করা যায়। অ্যাপটি ‘প্যানিক বায়িং’-এর কারণে পাম্পগুলোতে তৈরি হওয়া বিশৃঙ্খলা কমাতে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করছেন প্রযুক্তিবিদরা। অ্যাপটির কল্যানে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে সংরক্ষিত তেল শেষ হওয়ার ঝামেলাও কমাবে বলে ধারণা তাদের।
এই অ্যাপ ব্যবহার করে সহজেই জানা যাবে কোন পেট্রোল পাম্পে জ্বালানি পাওয়া যাচ্ছে এবং সেখানে কতটা ভিড় রয়েছে। অ্যাপটির মূল সুবিধা হলো রিয়েল টাইম তথ্য। গুগল ম্যাপসের মতো ওয়েব অ্যাপটিতে তেলের স্টেশনের লোকেশন ট্যাগ করে রিপোর্ট করতে পারেন ব্যবহারকারীরা। এই রিপোর্টের ভিত্তিতেই ম্যাপ থেকে জানা যায় কোন পাম্পে অকটেন, ডিজেল বা পেট্রল নিতে কেমন ভিড় তার চিত্র। তলে পাম্পের নাম উল্লেখ করে কী দামে বিক্রি হচ্ছে তাও জানা যাচ্ছে এই অ্যাপ থেকে। সড়ক বাতির মতো রং দেখে বোঝা যাচ্ছে তেলের পাম্পে লাইন নেই, অল্প লাইন, অনেক লাইন এবং তেল দিচ্ছে তার চিত্র।
ক্রাউড রিপোর্টিং বেইসড এই অ্যাপে ব্যবহারকারীরা নিজেরাও তথ্য যুক্ত করতে পারেন। ফলে দ্রুত জানা যায় কোন পাম্পে তেল রয়েছে, কোথায় লাইন বেশি বা কোথাও জ্বালানি শেষ হয়ে গেছে কি না, দাম কত। এরই মধ্যে প্রায় দুই শতাধিক পেট্রোল স্টেশনের তথ্য এখানে যুক্ত হয়েছে।
অ্যাপটির কারিগর তরুণ প্রযুক্তিবিদ সজিব খান কম্পিউটার সায়েন্সে বিএসসি করেছেন পড়াশোনা করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কাজ করছেন।
বিশ্বজুড়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে তেল যুদ্ধ নিয়ে বাংলাদেশে তেলের সরবরাহ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় যাওয়া দেশের অনেক জায়গায় যখন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তর্ক-বিতর্ক এমনকি সহিংসতার ঘটনাও ঘটছে তখন তা প্রশমনে ডেটা অ্যানালিটিক্স ভিত্তিক এই অ্যাপ উপহার দিলো সজীব খান। তার মতো প্রযুক্তি এই তড়িৎ উদ্ভাবনী ব্যবহারে সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্ম একের পর এক উদাহরণ সৃষ্টি করছে।
কিছুদিন আগেই কোথাও চাঁদাবাজির ঘটনা সম্পর্কে মানুষকে সতর্ক করতে তৈরি হয়েছে ‘চান্দাওয়াচ’ অ্যাপ। আবার রমজান মাসে কোথায় কোন মসজিদে ইফতার বা বিরিয়ানি বিতরণ হবে সেটি জানাতেও এক তরুণ তৈরি করেছেন ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ।
ডিবিটেক/এনএ/ইকে







