১৬ বছরের নিচের শিশুদের জন্য ইন্দোনেশিয়ায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

১৬ বছরের নিচের শিশুদের জন্য ইন্দোনেশিয়ায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
৯ মার্চ, ২০২৬ ১৪:২৫  

অস্ট্রেলিয়ার পর এবার ইন্দোনেশিয়াও ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করছে। শুক্রবার (৬ মার্চ) দেশটির কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রী মেইত্যা হাফিদ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। খবর এনগ্যাজেট।

আগামী ২৮ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ধাপে ধাপে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 

প্রথম ধাপে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স (সাবেক টুইটার), বিগো লাইভ ও রোব্লক্সের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মগুলোর আওতায় আনা হবে। এই সব প্ল্যাটফর্মগুলোকে ইন্দোনেশিয়ায় ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী হাফিদ বলেন, “আমাদের শিশুরা ক্রমবর্ধমান হুমকির মুখোমুখি হচ্ছে। পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন জালিয়াতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আসক্তি—এসব থেকে শিশুদের রক্ষা করতেই এই সিদ্ধান্ত”। তিনি আরও বলেন, “সরকার এগিয়ে এসেছে যাতে বাবা-মায়েদের আর অ্যালগরিদমের দানবের সাথে একা লড়াই করতে না হয়”।

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিধিনিষেধ আরোপ করল। এই সিদ্ধান্তের আগে ইন্দোনেশিয়ার কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জাকার্তায় মেটা প্ল্যাটফর্মের অফিসে হঠাৎ পরিদর্শন চালায়। 

ওই পরিদর্শনে মেটার প্ল্যাটফর্মগুলোতে ক্ষতিকর কনটেন্ট ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জাতীয় নিয়ম মেনে চলার বিষয়ে কঠোর সতর্কতা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ কার্যকর হয়েছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো প্রায় ৪৭ লাখ শিশুর অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করে দিয়েছে। স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশেও একই ধরনের নীতি বিবেচনা বা বাস্তবায়ন করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি