ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি
৫ মার্চ, ২০২৬ ০৭:৪৩  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।

৫ মার্চ, বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

সূত্রমতে, দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ৪ মার্চ, বুধবার প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ৫ মার্চ, বৃহস্পতিবার  সকালে ঢাকায় অবতরণ করে। ফ্লাইটিতে ৩৭৮ জন যাত্রী ছিলো।

অপর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

জানা গেছে, এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। 

ডিবিটেক/এমএআর/ইকে