জরুরি অবতরণে SWISS এয়ারলাইন্সের এ৩৩০

কেবিনে ধোঁয়া, নিরাপদে অবতরণ

  • বিমানটি ১০ মিনিটে ২২,০০০ ফুট নেমে আসে, নিরাপত্তার জন্য
  • Bangor বিমানবন্দরে জরুরি অবতরণ, ফায়ার সার্ভিস তৎপর
  • যাত্রী ও ক্রু নিরাপদ, তদন্তে কারণ অজানা

কেবিনে ধোঁয়া, নিরাপদে অবতরণ
২৮ জুলাই, ২০২৬ ০১:২৮  

জুরিখ থেকে নিউইয়র্কগামী SWISS International Air Lines-এর একটি এয়ারবাস A330 বিমান ২৭ জুলাই, সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানে ২০৮ জন যাত্রী ছিলেন।

ফ্লাইট LX-16 স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে জুরিখ থেকে ছাড়ে। আট ঘণ্টার ট্রান্সআটলান্টিক যাত্রার প্রায় ছয় ঘণ্টা পর, ৩২ হাজার ফুট উচ্চতায় নোভা স্কশিয়ার আকাশে থাকা অবস্থায় বিজনেস ক্লাসের সামনের অংশে হঠাৎ ধোঁয়া দেখা দেয়। পাইলটরা সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণের অনুরোধ জানান।

SWISS-এর মুখপাত্র জানিয়েছেন, ধোঁয়ার উৎস এখনো অজানা। বিমানের ভেতরে ধোঁয়া দেখা দিলে সেটি বিমান চলাচলের সবচেয়ে গুরুতর পরিস্থিতির একটি, কারণ অদৃশ্য আগুন যেকোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি মাত্র ১০ মিনিটে ২২ হাজার ফুটের বেশি নিচে নেমে আসে। এরপর আরও ১০ মিনিটের মধ্যে বিমানটি ব্যাঙ্গরে নিরাপদে অবতরণ করে। রানওয়েতে থামার পর অগ্নিনির্বাপক দল তাপ ও ভিজ্যুয়াল পরীক্ষা চালায়। জরুরি স্লাইড দিয়ে যাত্রী নামানোর প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা প্রয়োজন হয়নি।

প্রায় এক ঘণ্টা রানওয়েতে অবস্থানের পর বিমানটি টার্মিনালে নেওয়া হয়। SWISS নিশ্চিত করেছে, সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন। কোম্পানির বিবৃতিতে বলা হয়, “এমন পরিস্থিতি যাত্রীদের জন্য উদ্বেগজনক হতে পারে। তাই আমরা তাদের সর্বোচ্চ সহায়তা ও পরবর্তী যাত্রার ব্যবস্থা করতে কাজ করছি।”

বিমানটির রেজিস্ট্রেশন নম্বর HB-JHK। উল্লেখযোগ্যভাবে, একই বিমানটি চলতি বছরের ২৬ এপ্রিল দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণে জড়িত ছিল। তখন টেকঅফের সময় বাম দিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে জরুরি ব্রেক প্রয়োগ করা হয় এবং ধোঁয়া নির্গত হয়। স্লাইড দিয়ে নামানোর সময় ছয়জন আহত হন, দুজনের পা ভেঙে যায়। বিমানটি ৪ জুন আবার সেবায় ফিরে আসে।

//ডিবিটেক/ পিওয়াইওকে/ এসএমআই//