ফেসবুকে ভিডিও বার্তায় শোকজ’র জবাব দিলেন ঢাবি ছাত্রদল নেতা

ফেসবুকে ভিডিও বার্তায় শোকজ’র জবাব দিলেন ঢাবি ছাত্রদল নেতা
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৩  

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক  শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। 

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার রাতে শোকজ নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। এ জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। 

নোটিশ পাওয়ার পর দিবাগত রাত একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিও বার্তায় জবাব দেন শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, লিখিত জবাব চাইলেই দিতে পারতেন; তবে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ প্রকাশ করাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন।

ভিডিওতে তিনি বলেন, “আমি এখনও জানি না কেন আমাকে শোকজ করা হয়েছে। কারণ না জেনে উত্তর দেব কীভাবে?” এ বিষয়ে জানতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদককে ফোন করেছিলেন বলেও জানান তিনি।

শেখ তানভীরের দাবি, ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করেছিলেন তিনি। সেখানে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পর শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন। ওই আয়োজনকে ঘিরেই তাকে শোকজ করা হয়েছে বলে পরে জানতে পারেন।

তিনি বলেন, “যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ছাত্রদলের নেতা-কর্মীরা মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে সেই অন্যায় মাথা পেতে নিচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি।” 

এ ঘটনায় সংগঠনের ভেতরে আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে তিনি লিখিত ব্যাখ্যা দেবেন কি না—সেদিকে নজর সংশ্লিষ্টদের। এরইমধ্যে তার ওই পোস্টের নিচে মন্তব্যে আরজে কিবরিয়া খ্যাত গোলাম কিবরিয়া সরকার লিখেছেন- ‘আপনি ঠিকই করেছেন ভাই’। তার এই মন্তব্যে টিপ্পনি কেটে মজিদ জিয়া নামে একজন রিপ্লাই দিয়েছেন- ‘গতকালকে ছাত্রদলের সভাপতি রাকিব নতুন অঙ্গভঙ্গিতে দৌড়ে গিয়ে জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, সেই দুঃখে তোমাকে শোকজ করা হয়েছে।’ 

ডিবিটেক/এফবিপি/ইকে