উবার যাত্রীকে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে এক ফেডারেল জুরি উবারকে এক যাত্রীকে ৮৫ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। যাত্রীটি উবারের এক চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। খবর এনগ্যাজেট।
জুরির রায়ে বলা হয়েছে, অভিযুক্ত চালক উবারের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন, ফলে তাঁর কর্মকাণ্ডের দায় প্রতিষ্ঠানটির ওপর বর্তায়। এ রায় উবারের বিরুদ্ধে দায়ের করা হাজারো অনুরূপ মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে।
এই মামলাটি ছিল ‘বেলওয়েদার ট্রায়াল’, যার মাধ্যমে ভবিষ্যতে একই ধরনের প্রায় ৩ হাজার মামলার সম্ভাব্য ফলাফল ও সমঝোতার দিকনির্দেশনা পাওয়ার কথা। অভিযোগকারী জেলিন ডিন ২০২৩ সালে উবারে যাত্রার সময় তাঁর সঙ্গে অপরাধ সংঘটিত হওয়ার দাবি করেন। উবারের পক্ষ থেকে বলা হয়েছিল, চালকরা স্বাধীন ঠিকাদার হওয়ায় প্রতিষ্ঠানটি তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়ী নয়। তবে জুরি সেই যুক্তি গ্রহণ করেননি।
রায়ের সময় উবারের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি প্রমাণিত না হলেও চালকের আচরণের দায় প্রতিষ্ঠানটির ওপর বর্তায় বলে সিদ্ধান্ত দেওয়া হয়। উবারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
বর্তমানে ফেডারেল আদালতের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য আদালতেও উবার একই ধরনের শতাধিক মামলার মুখোমুখি। এই রায় বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ডিবিটেক/বিএমটি



