মহাকাশে স্মার্টফোন নেওয়ার অনুমতি দিল নাসা
দীর্ঘদিনের রীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ ভবিষ্যৎ মিশনে নিজেদের স্মার্টফোন সঙ্গে নিতে পারবেন নাসার নভোচারীরা। আসন্ন ক্রু–১২ ও আর্টেমিস–২ মিশনের ক্ষেত্রে এই অনুমতি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর এনগ্যাজেট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীদের ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা পরিবারের জন্য বিশেষ মুহূর্ত ধারণ করতে পারেন এবং বিশ্ববাসীর সঙ্গে অনুপ্রেরণামূলক ছবি ও ভিডিও শেয়ার করতে পারেন। তাঁর ভাষায়, মহাকাশযাত্রায় এখন আরও আধুনিক ও ব্যবহারবান্ধব প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
এর আগে মহাকাশে স্মার্টফোন দিয়ে তোলা ছবি থাকলেও, সেগুলো মূলত ক্ষুদ্র স্যাটেলাইটের মাধ্যমে ধারণ করা হয়েছিল। তবে আর্টেমিস–২ মিশনের মাধ্যমে প্রথমবারের মতো চাঁদের কক্ষপথ থেকে স্মার্টফোনে ধারণ করা ছবি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মার্চে উৎক্ষেপণের লক্ষ্য থাকা এই মিশনটি হবে ১৯৭২ সালের অ্যাপোলো–১৭–এর পর নাসার প্রথম মানবচালিত চন্দ্রাভিযান।
নাসার কর্মকর্তারা বলছেন, আগে ব্যবহৃত ভারী পেশাদার ক্যামেরার তুলনায় স্মার্টফোন অনেক সহজে ব্যবহারযোগ্য। ফলে মহাকাশে কাজের ফাঁকে আরও স্বতঃস্ফূর্ত ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব হবে, যা পৃথিবীতে থাকা স্বজনদের সঙ্গে দ্রুত ভাগ করা যাবে।
ডিবিটেক/বিএমটি



