আইওএস ২৬.৫-এর পাবলিক বেটা উন্মোচন
অ্যাপল আইওএস ২৬.৫-এর প্রথম পাবলিক বেটা সংস্করণ প্রকাশ করেছে। ডেভেলপারদের জন্য বেটা সংস্করণ আসার মাত্র কয়েকদিন পরই সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সংস্করণ এসেছে।
নতুন সংস্করণে অপারেটিং সিস্টেমটির সবচেয়ে বড় পরিবর্তন হলো অ্যাপল ম্যাপসে ‘সাজেস্টেড প্লেসেস’ ফিচার যুক্ত করা। এটি ব্যবহারকারীর অবস্থান বা সার্চ হিস্ট্রির ভিত্তিতে আশপাশের জনপ্রিয় রেস্তোরাঁ ও অন্যান্য স্থানের পরামর্শ দেবে।
আইওএস ২৬.৫ বেটায় অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন দেওয়ারও ঘোষণা এসেছে। গত মার্চেই অ্যাপল নিশ্চিত করেছিল যে তারা অ্যাপ স্টোর ও অ্যাপল নিউজ অ্যাপের বাইরেও বিজ্ঞাপন সম্প্রসারণ করবে। ব্যবহারকারীর অবস্থান, সার্চ টার্ম ও ম্যাপসে খোঁজার বিষয়ের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো হবে। সেগুলো সার্চ রেজাল্টের ওপর এবং ‘সাজেস্টেড প্লেসেস’ লিস্টে দেখা যাবে।
অ্যাপল বলেছে, বিজ্ঞাপন স্পষ্টভাবে চিহ্নিত থাকবে এবং ব্যবহারকারীর গোপনীয়তা ক্ষুন্ন করবে না। বর্তমান অবস্থান ও বিজ্ঞাপনের সঙ্গে মিথস্ক্রিয়া অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে না, ব্যক্তিগত ডেটা আইফোনেই থাকবে।
এছাড়া আইওএস ২৬.৫ বেটায় আরসিএস মেসেজের জন্য ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ আবার পরীক্ষা করছে অ্যাপল। তবে এই ফিচারটি স্থিতিশীল সংস্করণে আসবে কি না, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
অ্যাপলের পাবলিক বেটা পেতে অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রাম ওয়েবসাইটে গিয়ে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে।
উল্লেখ্য, আইওএস ২৬.৫-এর স্থিতিশীল (স্ট্যাবল) সংস্করণ আগামী মাসের শেষ দিকে বা জুনের শুরুর দিকে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র







