এনইআইআরের তথ্য বিদেশে যাওয়ার সুযোগ নেই: বিটিআরসি ও অগ্নি সিস্টেমস

এনইআইআরের তথ্য বিদেশে যাওয়ার সুযোগ নেই: বিটিআরসি ও অগ্নি সিস্টেমস
১৪ জানুয়ারি, ২০২৬ ০০:১০  

দেশে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেট এর নিবন্ধন প্রক্রিয়া চালু নিয়ে দেশজুড়ে চলছে পক্ষে-বিপক্ষে প্রচারণা। এমন পরিস্থিতিতে ন্যাশনাল ইক্যুইপমেন্ট রেজিস্টারের নামে ফিশিং ওয়েবসাইট চালুর পর অভিযোগ এনইআইআর এর তথ্য ভারতে চলে যাচ্ছে। এ বিষয়ে বিষয়ে প্রকৃত বিষয় অনুসন্ধানে ১৩ জানুয়ারি ভারতের সার্ভারেই কি এনইআইআর ডাটা? টেক-ক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করে ডিজিবাংলাটেক ডট নিউজ। এই ‘ফ্যাক্টচেক’ ও ‘ডিসক্লেইমার’ ভিত্তিক এই ডিবাং প্রতিবেদন প্রকাশের পর বিষয়টির নিয়ে সমান্তরাল বিবৃতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড। 

নিচে সেই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হলো-

এনইআইআরের তথ্য বিদেশে যাওয়ার সুযোগ নেই: বিটিআরসি

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সব তথ্য দেশের অভ্যন্তরেই একটি নিরাপদ স্থানে সংরক্ষিত আছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির দাবি, এই সিস্টেমের তথ্য বা ট্রাফিক অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নেই।

 বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি রোধ, চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করা হয়েছে।

এনইআইআর কার্যক্রম শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান ও ব্যবহৃত আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের ভেতরেই হোস্ট করা হয়েছে এবং গ্রাহকের তথ্য সুরক্ষার জন্য বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে সরকার নির্ধারিত ডাটা প্রোটেকশন আইনের সব বিধান অনুসরণ করে সিস্টেমটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, সিস্টেমে ব্যবহৃত আইপি ঠিকানাগুলো বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের নামে এপনিক (APNIC) কর্তৃক বরাদ্দপ্রাপ্ত।  এনইআইআর পরিচালনার জন্য প্রয়োজনীয় সব রিকুয়েস্ট দেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে। আইপি রুট বিশ্লেষণের মাধ্যমে সিস্টেমটির ভৌত অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এনইআইআর- এর কোনও তথ্য দেশের বাইরে সংরক্ষণ বা স্থানান্তরের কোনো সুযোগ নেই: অগ্নি সিস্টেমস 

সম্প্রতি এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) সিস্টেমের ডেটাবেজ বিদেশে হোস্ট করা হয়েছে- এমন একটি বিভ্রান্তিকর দাবি নিয়ে একটি সংগঠনের মিছিল ও প্রতিবাদ কর্মসূচির বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অগ্নি সিস্টেমস লিমিটেড স্পষ্টভাবে জানাতে চায়, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

কারিগরি যাচাইয়ে দেখা গেছে, এনইআইআর- এর ওয়েব সার্ভারের আইপি জিওলোকেশন একাধিক আন্তর্জাতিক ডাটাবেজে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে- সংশ্লিষ্ট সার্ভারের অবস্থান ঢাকায়। আটটির বেশি স্বতন্ত্র জিও-লোকেশন ও আইপি যাচাইকরণ প্ল্যাটফর্মে একই তথ্য পাওয়া গেছে। কেবল একটি তৃতীয় পক্ষের আইপি লোকেশন ডাটাবেজে ভুলভাবে একটি বিদেশি ঠিকানা (ভারতের দিল্লী) প্রদর্শিত হয়েছে, যা তাদের নিজস্ব ডেটাবেজজনিত ত্রুটি।

উল্লেখ্য, এনইআইআর সিস্টেমটির সব তথ্য বিটিআরসি এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)-এর নিজস্ব ডেটা সেন্টারে, বাংলাদেশের অভ্যন্তরেই সংরক্ষিত। এনইআইআর- এর কোনও তথ্য দেশের বাইরে সংরক্ষণ বা স্থানান্তরের কোনো সুযোগ নেই।

অগ্নি সিস্টেমস লিমিটেড কেবল একটি দেশীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে ডেটা রাউটিং ও নেটওয়ার্ক নিরাপত্তা সংক্রান্ত সেবা প্রদান করে। যে আইপি অ্যাড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি বাংলাদেশের আইএসপি হিসেবে অগ্নি সিস্টেমস-এর বরাদ্দকৃত আইপি, কোনও বিদেশি আইএসঅবকাঠামোর অংশ নয়। সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের ডাটাবেজে ভুল তথ্য সংযোজনের কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যার সঙ্গে অগ্নি সিস্টেমসের কোনও দায় বা সম্পৃক্ততা নেই। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট আন্তর্জাতিক ডেটাবেজ সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা দ্রুত এই ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে।

অগ্নি সিস্টেমস লিমিটেড দায়িত্বের সঙ্গে আবারও জানাচ্ছে- এনইআইআর সিস্টেম সম্পূর্ণভাবে একটি বাংলাদেশি অবকাঠামো, এর ডেটাবেজ বাংলাদেশেই হোস্ট করা এবং বিদেশে ডেটা যাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে