চ্যাটজিপিটির কথোপকথনে বিভ্রম বেড়ে খুন; কানেকটিকাটে প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির কথোপকথনে বিভ্রম বেড়ে খুন; কানেকটিকাটে প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে মামলা
১২ ডিসেম্বর, ২০২৫ ১০:১৪  

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে ‘বেআইনি মৃত্যুর’ অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ৮৩ বছর বয়সী এক নারীর পরিবার। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার মামলাটি করেছেন তার পরিবার। 

পরিবারের দাবি, চ্যাটবট চ্যাটজিপিটির কথোপকথন ৫৬ বছর বয়সী স্টেইন-এরিক সোলবার্গের বিভ্রমজনিত মানসিক অবস্থা আরও খারাপ করে তোলে, যার জেরেই তিনি গত ৩ আগস্ট ওল্ড গ্রিনউইচের বাড়িতে নিজের মা সুজান অ্যাডামসকে হত্যা করেন এবং পরে আত্মহত্যা করেন। সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া সুপিরিয়র কোর্টে দায়ের করা এই অভিযোগে বলা হয়, প্রযুক্তিখাতে একসময় কাজ করা সোলবার্গ কয়েক মাস ধরে চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘ কথোপকথন চালাতেন, আর সেসব আলাপ তার বিভ্রান্তিমূলক চিন্তা আরও শক্তিশালী করে তোলে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোলবার্গ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তিনি দাবি করেন, “চ্যাটজিপিটি তাকে জানিয়েছে যে তিনি এআইটির বোধজ্ঞান জাগিয়ে তুলেছেন।” আরও অভিযোগ, চ্যাটবট তার প্যারানয়াজনিত বিশ্বাসকে সমর্থন করে বলে, তার মায়ের প্রিন্টার নাকি নজরদারি যন্ত্র এবং তার মা তাকে বিষ প্রয়োগে মারতে চাইছেন- যা চ্যাটবট চ্যালেঞ্জ না করে বরং সায় দিয়েছিল।

এই মামলা যুক্তরাষ্ট্রে ওপেনএআইয়ের বিরুদ্ধে আত্মহত্যা ও নিজেকে আঘাত করার প্ররোচনার অভিযোগে দায়ের ক্রমবর্ধমান মামলার সর্বশেষ উদাহরণ। গত আগস্টে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিশোর অ্যাডাম রেইন এবং পরে জোশুয়া এনেকিং ও আমাউরি লেসিসহ একাধিক আত্মহত্যার ঘটনার সঙ্গে চ্যাটজিপিটির কথোপকথনের মিল পাওয়া যায় বলে পরিবারগুলো অভিযোগ তুলেছিল।

সর্বশেষ মামলায় ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, তিনি নিরাপত্তা দলের আপত্তি সত্ত্বেও ২০২৪ সালে জিপিটি-৪০ মডেল দ্রুত বাজারে ছাড়েন। মডেলটি অতিমাত্রায় মানবসদৃশ আচরণ ও ব্যবহারকারীদের প্রতি তোষামোদী প্রতিক্রিয়ার কারণে সমালোচিত হয়। ওপেনএআইয়ের বৃহৎ বিনিয়োগকারী মাইক্রোসফটকেও অভিযুক্ত করা হয়েছে।

ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, ঘটনা “হৃদয়বিদারক” এবং তারা মামলার নথি পর্যালোচনা করছে।

ডিবিটেক/রয়টার্স/ইকে