মেটার বিরুদ্ধে নতুন অ্যান্টিট্রাস্ট তদন্তে ইউরোপীয় ইউনিয়ন

মেটার বিরুদ্ধে নতুন অ্যান্টিট্রাস্ট তদন্তে ইউরোপীয় ইউনিয়ন
৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:০০  

হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার ঘিরে মেটা প্ল্যাটফর্মসের বিরুদ্ধে নতুন প্রতিযোগিতা-বিরোধী তদন্ত শুরু করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই ব্রাসেলস এ তদন্তের ঘোষণা দিতে পারে। খবর রয়টার্স।

ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, এ বছরের শুরুর দিকে মেসেঞ্জিং সার্ভিসটিতে ‘মেটা এআই’ সমন্বয় করার পদ্ধতি নিয়ে কমিশনের সন্দেহ তৈরি হয়। মার্চ ২০২৫ থেকে ইউরোপের বিভিন্ন দেশে হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে মেটার এআই চ্যাটবট ও ভার্চুয়াল সহকারী যুক্ত করা হয়।

ইউরোপীয় কমিশন ও মেটা- উভয়েই বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস বলছে, আসন্ন তদন্তটি পরিচালিত হবে প্রচলিত অ্যান্টিট্রাস্ট নিয়মে; ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের অধীনে নয়- যার আওতায় বর্তমানে অ্যামাজন ও মাইক্রোসফটের ক্লাউড সেবা পর্যবেক্ষণে রয়েছে।

ইতালির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে জুলাই মাসে মেটার বিরুদ্ধে একটি আলাদা তদন্ত শুরু করেছে, যেখানে অভিযোগ করা হয় যে হোয়াটসঅ্যাপে এআই টুল একীভূত করে মেটা বাজারে আধিপত্যের অপব্যবহার করেছে। পরে নভেম্বর মাসে সেই তদন্ত আরও বিস্তৃত করা হয়, যাতে খতিয়ে দেখা হচ্ছে মেটা প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোকে প্ল্যাটফর্মে প্রবেশ থেকে ইচ্ছাকৃতভাবে বিরত রেখেছে কিনা।

ডিবিটেক/বিএমটি