প্রি-ইনস্টল অ্যাপের নির্দেশ বাতিল ভারতের
ভারত সরকার নতুন স্মার্টফোনে রাষ্ট্রীয় সাইবারসিকিউরিটি অ্যাপ সঞ্চার সাথী বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করার নির্দেশ প্রত্যাহার করেছে। বুধবার এক বিবৃতিতে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, মোবাইল নির্মাতাদের জন্য এ প্রক্রিয়া আর বাধ্যতামূলক থাকছে না। খবর রয়টার্স।
গত ২৮ নভেম্বর সরকার অ্যাপল, স্যামসাং ও শাওমিসহ বিভিন্ন নির্মাতাকে ৯০ দিনের মধ্যে নতুন ফোনে ডিলিট করা যাবে না এমনভাবে সঞ্চার সাথী অ্যাপ যুক্ত করার নির্দেশ দিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক দল, গোপনীয়তা অধিকারকর্মী এবং প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিবাদে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিরোধী কংগ্রেস পার্টি সিদ্ধান্তটির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, আর গোপনীয়তা সংশ্লিষ্ট সংগঠনগুলো নজরদারির আশঙ্কা প্রকাশ করে।
এদিকে অ্যাপল ও স্যামসাং আগেই ইঙ্গিত দিয়েছিল যে তারা নির্দেশ মানতে প্রস্তুত নয়। যদিও সরকার দাবি করেছিল অ্যাপটি শুধু চুরি হওয়া ফোন শনাক্ত ও অপব্যবহার রোধে সহায়ক।
বিশ্লেষকদের মতে, হঠাৎ নীতিগত এই পরিবর্তন ভারতীয় প্রযুক্তি খাতে নীতি-অনির্দেশ্যতার আরেকটি উদাহরণ, যা ব্যবসায়িক পরিবেশে অনিশ্চয়তা তৈরি করে।
ডিবিটেক/বিএমটি







