বন্ধ হচ্ছে ফেসবুকের এক্সটার্নাল ‘লাইক’ ও ‘শেয়ার’ বাটন

বন্ধ হচ্ছে ফেসবুকের এক্সটার্নাল ‘লাইক’ ও ‘শেয়ার’ বাটন
১১ নভেম্বর, ২০২৫ ১১:৪১  

আগামী বছর থেকে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে ব্যবহৃত ফেসবুকের লাইক ও শেয়ার বাটন আর পাওয়া যাবে না। মেটা জানিয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে এই দুটি সামাজিক সংযোগ সুবিধা (সোশ্যাল প্লাগইন) বন্ধ করে দেওয়া হবে। খবর এনগ্যাজেট।

প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ওয়েবসাইট অ্যাডমিনদের এ নিয়ে আলাদা কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে চাইলে তারা আগেই এই বাটনগুলো সরিয়ে ফেলতে পারেন। নির্ধারিত তারিখের পর এসব বাটন আর দেখা যাবে না।

২০১০ সালে চালু হওয়া এই বানটগুলো একসময় ওয়েবসাইটে পাঠক আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ বা লেখা ছড়িয়ে দিতে এগুলোর ব্যবহার ছিল অত্যন্ত জনপ্রিয়।

মেটার ভাষায়, এই প্ল্যাগইনগুলো “ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক যুগের প্রতিফলন”, এবং সময়ের সঙ্গে সঙ্গে এদের ব্যবহার কমে গেছে। বর্তমানে মেটার ব্যবসায় ফেসবুকের প্রভাবও আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে যুগের পরিবর্তনের সঙ্গে এই বাটনগুলোর বিদায় এখন সময়ের দাবি।

ডিবিটেক/বিএমটি