নিজস্ব ক্রেডিট কার্ড আনছে স্যামসাং
আমেরিকার বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের ‘অ্যাপল কার্ড’-এর সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব ক্রেডিট কার্ড চালু করতে যাচ্ছে স্যামসাং। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, স্যামসাং এই কার্ডটি ব্রিটিশ ব্যাংক বারক্লেস-এর সঙ্গে অংশীদারিত্বে চালু করবে, এবং এতে ভিসা নেটওয়ার্ক ব্যবহার করা হবে। খবর জিএসএম এরিনা।
বর্তমানে দুই প্রতিষ্ঠান “উচ্চ পর্যায়ের আলোচনায়” রয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনায় কিছু বিলম্ব হওয়ায় ঘোষণার সময় পেছাতে পারে।
স্যামসাংয়ের লক্ষ্য গ্রাহকদের আর্থিক কর্মকাণ্ডের বড় অংশে নিজেদের সম্পৃক্ত করা। অন্যদিকে বারক্লেস যুক্তরাষ্ট্রে তাদের বাজার বিস্তারের সুযোগ খুঁজছে।
এই উদ্যোগ কেবল ক্রেডিট কার্ডেই সীমিত থাকবে না। স্যামসাং উচ্চ মুনাফার সঞ্চয় হিসাব, ডিজিটাল প্রিপেইড অ্যাকাউন্ট এবং “এখন কিনুন, পরে পরিশোধ করুন” ধরনের আর্থিক সেবা চালুর পরিকল্পনাও করছে। এসব সেবার কিছু অংশে বারক্লেস আর্থিক সহায়তা দেবে বলে জানা গেছে।
উল্লেখ্য, স্যামসাং ২০২০ সালে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যে এবং ২০২২ সালে ভারতে নিজস্ব ক্রেডিট কার্ড চালু করে।
ডিবিটেক/বিএমটি



