১ গিগাওয়াট সৌরশক্তি কিনলো মেটা

১ গিগাওয়াট সৌরশক্তি কিনলো মেটা
১ নভেম্বর, ২০২৫ ১৯:৪৭  

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা এ সপ্তাহে তিনটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে তারা প্রায় ১ গিগাওয়াট সৌরবিদ্যুৎ কেনার উদ্যোগ নিয়েছে। দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারগুলোকে নবায়নযোগ্য শক্তিতে চালানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

এই তিনটি নতুন চুক্তির ফলে ২০২৫ সালে মেটার মোট সৌরশক্তি ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৩ গিগাওয়াটের বেশি। তুলনামূলকভাবে কম খরচে ও স্বল্প সময়ে নির্মাণযোগ্য হওয়ায় সৌরশক্তি বর্তমানে প্রযুক্তি কোম্পানিগুলোর পছন্দের উৎসে পরিণত হয়েছে।

মেটা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে দুটি প্রকল্পে ৩৮৫ মেগাওয়াট বিদ্যুতের পরিবেশগত সার্টিফিকেট ক্রয়ের ঘোষণা দেয়, যা দুই বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর আগে সোমবার প্রতিষ্ঠানটি টেক্সাসের লাব্বক শহরের নিকটবর্তী একটি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার বড় চুক্তি করে, যার বাণিজ্যিক উৎপাদন ২০২৭ সালে শুরু হবে।

যদিও টেক্সাসের প্রকল্পটি সরাসরি মেটার ডেটা সেন্টারের সঙ্গে সংযুক্ত হবে না, এটি স্থানীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে, যা ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহারের ভারসাম্য রক্ষা করবে।

অন্যদিকে, লুইজিয়ানার চুক্তিতে মেটা মূলত এনভায়রনমেন্টাল অ্যাট্রিবিউট সার্টিফিকেট (EACs) কিনছে— যা প্রতিষ্ঠানটির কার্বন নির্ভর শক্তি ব্যবহারের ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। তবে বিশেষজ্ঞদের মতে, এই সার্টিফিকেটগুলো প্রযুক্তি কোম্পানিগুলোর প্রকৃত কার্বন নিঃসরণ গোপন করতে পারে, বিশেষ করে যখন এআই-চালিত বিদ্যুৎ ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, যদি মেটা ও অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো সত্যিই তাদের এআই শক্তি ব্যবহারের ভারসাম্য রক্ষা করতে চায়, তবে তাদের উচিত হবে নতুন নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পে সরাসরি বিনিয়োগ করা, যাতে অতিরিক্ত সৌর ও বায়ু শক্তি উৎপাদন বাস্তবে বৃদ্ধি পায়।

ডিবিটেক/বিএমটি