৪ কোটির মাইলফলকে ব্লুস্কাই, আসছে ‘ডিসলাইক’ ফিচার

৪ কোটির মাইলফলকে ব্লুস্কাই, আসছে ‘ডিসলাইক’ ফিচার
১ নভেম্বর, ২০২৫ ১৭:৪২  

বিকেন্দ্রীভূত সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই শুক্রবার জানিয়েছে যে, প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে যে, তারা শিগগিরই পরীক্ষামূলকভাবে নতুন ‘ডিসলাইক’ ফিচার চালু করতে যাচ্ছে, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ফিডকে আরও ব্যক্তিগতকরণে সাহায্য করবে। খবর টেকক্রাঞ্চ।

ব্লুস্কাই জানিয়েছে, এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেসব পোস্ট অপছন্দ করবেন, সেগুলোর তথ্য বিশ্লেষণ করে সিস্টেম শিখবে কোন ধরনের কনটেন্ট তাদের ফিডে কম দেখাতে হবে। এতে শুধু ফিড নয়, রিপ্লাইয়ের র‌্যাংকিংয়েও পরিবর্তন আসবে।

এছাড়া প্ল্যাটফর্মটি কনভারসেশন কন্ট্রোলের বিভিন্ন উন্নয়ন এনেছে, যার মধ্যে রয়েছে অশালীন মন্তব্য শনাক্তকরণের উন্নত ব্যবস্থা, রিপ্লাই বাটনের নতুন ফাংশন, এবং ব্যবহারকারীর নিকট সম্পর্কিত কমিউনিটির (“সোশ্যাল নেবারহুড”) পোস্টগুলোকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা।

ব্লুস্কাই জানায়, এই পরিবর্তনগুলো প্ল্যাটফর্মটিকে আরও “মজাদার, আন্তরিক ও শ্রদ্ধাশীল আলোচনা পরিবেশ” গড়ে তুলতে সহায়তা করবে। সম্প্রতি প্ল্যাটফর্মের কন্টেন্ট নিয়ন্ত্রণনীতি নিয়ে কিছু ব্যবহারকারীর অসন্তোষের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে ব্লুস্কাই ব্যবহারকারীদের হাতে রয়েছে বিভিন্ন নিয়ন্ত্রণ ফিচার— যেমন মডারেশন লিস্ট, কনটেন্ট ফিল্টার, মিউটেড ওয়ার্ডস, এবং অন্য মডারেশন সার্ভিসে সাবস্ক্রাইব করার সুবিধা। ব্যবহারকারীরা চাইলে কোট পোস্ট বিচ্ছিন্ন করে অনাকাঙ্ক্ষিত মনোযোগ এড়াতেও পারেন।

কোম্পানিটি আরও জানিয়েছে, তারা নতুন ডিজাইন পরিবর্তন, র‌্যাংকিং অ্যালগরিদম ও প্রতিক্রিয়া বিশ্লেষণ ব্যবস্থাও পরীক্ষা করছে, যাতে অনাকাঙ্ক্ষিত মন্তব্য ও স্প্যাম পোস্ট আরও কার্যকরভাবে শনাক্ত ও নিচে নামানো যায়।

নতুন আপডেট অনুযায়ী, “রিপ্লাই” বাটনে চাপ দিলে সরাসরি লেখার পর্দায় না গিয়ে ব্যবহারকারী পুরো থ্রেডটি দেখতে পাবেন— যাতে পোস্টের প্রেক্ষাপট না জেনে তাড়াহুড়া করে মন্তব্য করা কমে আসে।

ব্লুস্কাই মনে করে, এসব পরিবর্তন একদিকে যেমন কথোপকথনের মান বাড়াবে, অন্যদিকে ব্যবহারকারীদের জন্য আরও নিয়ন্ত্রিত, প্রাসঙ্গিক ও বন্ধুত্বপূর্ণ অভিজ্ঞতা তৈরি করবে।

ডিবিটেক/বিএমটি